নভেম্বরে 'ঢাকা ফোক ফেস্ট'

লোকসংগীত-ই হবে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ। এই বাস্তবতা ও অনুপ্রেরণা নিয়ে সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল ‘ঢাকা ফোক ফেস্ট’ আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৫ নামে পরিচিত হবে। ঢাকার আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে এ বছরের ১২ থেকে ১৪ নভেম্বর, সন্ধ্যা ৬.০০টা থেকে রাত ১.০০টা পর্যন্ত দর্শকেরা উপভোগ করবেন এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের উল্লেখ্যযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের ফরিদা পারভীন, মমতাজ বেগম, বারী সিদ্দিকী, রব ফকির, কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, শফি মণ্ডল, নাশিদ কামাল, সদানন্দ সরকার, নিশিকান্ত সরকার, কাজল দেওয়ান, মিনু বিল্লাহ্, লুবনা মরিয়ম, লাবিক কামাল গৌরব ও ম্যাজিক বাউলিয়ানাসহ প্রমুখ। পাকিস্তান থেকে আবিদা পারভিন ও সাঁই জহুর, ভারত থেকে পাপন, ইন্ডিয়ান ওশেন, নুরান সিস্টার্স, রাজস্থান ফোক গ্রুপ, অর্ক মুখার্জী, পবন দাস বাউল, পার্বতী বাউল, আয়ারল্যান্ড থেকে নিয়াভ নি কারা, চীনের ইউনান আর্ট ট্রুপ ও ইজিপ্ট থেকে আলেক্সন্দ্রিয়া ডান্স ট্রুপ অংশগ্রহণ করবেন।
‘ঢাকা ফোক ফেস্ট-২০১৫’ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর হোটেল ‘আমারি’ তে আজ বুধবার একটি প্রেস মিট এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশন এবং সান ইভেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব অঞ্জন চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সরওয়ার, আর্টস ইন্টারএ্যাকশন এর প্রতিষ্ঠাতা অ্যালান টুইডি এবং সান ইভেন্টস-এর বিজনেস এডভাইজার মিস টুটলি রহমান।
বিনা মূল্য অনলাইনে রেজিস্ট্রেশন করে অনুষ্ঠান সরাসরি উপভোগ করা যাবে। এ জন্য www.dhakafolkfest.com ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। ফেসবুকের ‘ঢাকা ফোক ফেস্ট’ পেইজটিতে পাওয়া যাবে আয়োজনের সব তথ্য। মাছরাঙা টিভিও অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। বিজ্ঞপ্তি।