নভেম্বরের মধ্যে ভুটানকে ট্রানজিট চুক্তির প্রস্তাব পাঠাবে বাংলাদেশ
ভুটানকে নভেম্বর মাসের মধ্যে ট্রানজিট দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে বাংলাদেশ। এ জন্য একটি চুক্তির খসড়া সে দেশে পাঠিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে। চুক্তিটির খসড়া চূড়ান্ত করার কাজ প্রায় শেষের দিকে রয়েছে।ইতিমধ্যে একটি খসড়া চুক্তিও বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। প্রণীত খসড়া চুক্তির ওপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে মতামত চাওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ খবর নিশ্চিত করেছে।২২ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় বৈঠকে ট্যারিফ কমিশনের খসড়াটি উপস্থাপন করা হয়। বৈঠকে অংশগ্রহণকারী বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মৌখিক মতামত দেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে লিখিত আকারে মতামত পাঠাতে হবে। বাণিজ্যসচিব গোলাম হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।জানা গেছে, চুক্তির খসড়ায় মাশুল আরোপের কথা উল্লেখ করা হয়েছে। মাশুল আরোপের বিষয়টি চুক্তির পর প্রটোকলের মাধ্যমে চূড়ান্ত করা হবে। ভারত, নেপাল ও ভুটানকে সমন্বিত ট্রানজিট প্রদানের জন্য যে প্রতিবেদন তৈরি করা হয়েছে, তার আলোকেই এই দ্বিপক্ষীয় খসড়াটি করা হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, লিখিত মতামতগুলোর যৌক্তিকতা বিবেচনা করে সেটিসহ খসড়াটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইতিবাচক মতামত পাওয়ার পর তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ভেটিং হওয়ার পর চুক্তির খসড়াটি ভুটানের কাছে পাঠানো হবে।ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান প্রথম আলোকে জানান, খসড়াটির চূড়ান্ত অনুমোদন নিয়ে তা ভুটানের কাছে পাঠানো হবে। ভুটান এই খসড়ার ওপর কী প্রতিক্রিয়া ব্যক্ত করে, তার ওপর নির্ভর করে কত দিন সময় লাগবে ট্রানজিট কার্যকর করতে। তবে বাংলাদেশ নীতিগতভাবে ভুটানকে ট্রানজিট দিতে সম্মত হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শওকত আলী ওয়ারেছি বলেন, ভুটানের আগ্রহের ভিত্তিতে বাংলাদেশ ট্রানজিট দিতে রাজি হয়েছে। তবে এটি দ্বিপক্ষীয় ভিত্তিতে হবে। তিনি জানান, ট্রানজিট চুক্তি হওয়ার পর প্রটোকলের মাধ্যমে এর ব্যবহারগুলো সুনির্দিষ্টকরণ হবে।কয়েক মাস আগে ট্রানজিট পেতে আগ্রহ প্রকাশ করে খসড়া প্রটোকল পাঠিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় ভুটান। কিন্তু বাংলাদেশ নতুন করে চুক্তি করার পক্ষে অবস্থান নেয়। এরপর বাংলাদেশের তৈরি করা চুক্তির খসড়া ও ভুটানের পাঠানো খসড়া প্রটোকলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়।পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্ব দেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এ ছাড়া কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যারিফ কমিশন ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি রয়েছেন। কয়েক দফা বৈঠক করে চুক্তির খসড়া তৈরি করা হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশের তৈরি করা চুক্তির খসড়ায় আন্তর্জাতিকভাবে অনুসৃত নিয়মনীতিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মাশুল, ট্রানজিট পরিবহনব্যবস্থা, ব্যাংক গ্যারান্টি, রুট ইত্যাদি বিষয়ে বলা হয়েছে। এতে বহুমাত্রিক ট্রানজিট ও ট্রানশিপমেন্ট প্রদানের কথা বলা হয়েছে। তবে এক বা একাধিক প্রটোকলের মাধ্যমে এগুলো সুনির্দিষ্ট করা হবে। ভুটানের পণ্যবাহী ট্রাক যাতে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে সমুদ্রবন্দর ও বিমানবন্দরে আসতে পারে, তা-ও প্রটোকলে থাকবে। চুক্তিটি তিন বছর পর পর নবায়ন করতে হবে।ভুটানকে ট্রানজিট প্রদানসংক্রান্ত চুক্তির জন্য গঠিত কমিটির এক সদস্য জানান, ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তিটি বেশ সতর্কতার সঙ্গে করতে হবে। কেননা, এই চুক্তির সমঝোতাটি (মাশুল, রুটসহ অন্যান্য সুবিধা) দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করে ভারতসহ অন্য দেশের সঙ্গে ট্রানজিট আলোচনা এগিয়ে নিতে হবে।ভূবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার জন্য ১৯৮৪ সালে ট্রানজিট-সংক্রান্ত বাণিজ্য চুক্তি করে ভুটান। কিন্তু ভারত তার ভুখণ্ড ব্যবহার করতে না দেওয়ায় এই চুক্তি কার্যকর করা যায়নি। এ কারণে ২০০০ সালে এর মেয়াদ শেষ হয়ে যায়। তবে এখন ভারতের ভুখণ্ড ব্যবহার করতে পারে ভুটানি পণ্যবাহী ট্রাক। আর তা বাংলাদেশ সীমান্ত পর্যন্তও আসতে পারে। তবে পণ্যবাহী ভুটানি ট্রাক বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারে না।অন্যদিকে মোগলহাট, নাকুগাঁও, নুনখাওয়া, হালুয়াঘাট ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করে সৈয়দপুর বিমানবন্দর, চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খুলনার মংলা সমুদ্রবন্দর ব্যবহার করতে চায় ভুটান। বর্তমানে বাংলাদেশের বুড়িমারী ও তামাবিল—এই দুটি স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। আর কিছু পণ্য আসে আকাশপথে।ভারত, নেপাল ও ভুটানকে সামগ্রিকভাবে ট্রানজিট দেওয়ার বিষয়টি যাচাই করতে সরকার একটি মূল দল গঠন করেছিল ২০১০ সালে। গত বছর এই দল তাদের প্রতিবেদন সরকারের কাছে দাখিল করেছে।