আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।সংস্থাটি বলেছে, আইনের বাধ্যবাধকতা অনুযায়ী ৩০ জুলাইয়ের মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে ডিমিউচুয়ালাইজেশন স্কিম জমা দেওয়া হবে। এ জন্য এরই মধ্যে একজন পরামর্শক নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।আগামী বাজেট সামনে রেখে গতকাল এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন সংস্থাটির সভাপতি রকিবুর রহমান ও ঊর্ধ্বতন সহসভাপতি আহমেদ রশীদ লালী। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসইর সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক শরীফ আতাউর রহমান, হানিফ ভূঁইয়া ও মিজানুর রহমান খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শুভ্র কান্তি চৌধুরী।রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হলে সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির চর্চা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে দরকার সরকারের নীতি-সহায়তা। স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেষ্টায় বাজারে স্থিতিশীলতা ফিরবে না। এ ক্ষেত্রে সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে এগিয়ে আসতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও সম্পদ ব্যবস্থাপকদের উদ্দেশে ডিএসইর সভাপতি বলেন, ‘আপনাদের শেয়ার বিক্রি যেন আগ্রাসী রূপ না নেয়, সে ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।’পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে আগামী বাজেটে পাঁচ হাজার কোটি টাকার একটি তহবিল রাখার দাবি জানিয়েছে ডিএসই। সেই সঙ্গে বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ের দ্বৈত কর প্রত্যাহারের দাবি জানানো হয়। ডিএসইর নেতারা বলেন, বাজারের লেনদেন বাড়লে এ খাত থেকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। তাই বিভিন্ন খাতে করারোপ না করে লেনদেন বৃদ্ধির ব্যবস্থা করা উচিত।এ ছাড়া বিনিয়োগকারীদের অর্থ দিয়ে কোম্পানিগুলো ঋণ পরিশোধের প্রবণতা রোধে বিএসইসিকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ডিএসইর সভাপতি।