নভোএয়ার এবার চট্টগ্রাম থেকে কলকাতা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম থেকে কলকাতা পথে বিমান পরিচালনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান l প্রথম আলো
চট্টগ্রাম থেকে কলকাতা পথে বিমান পরিচালনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান l প্রথম আলো

ঢাকার পর আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কলকাতা রুটে সরাসরি উড়োজাহাজ পরিচালনার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। সপ্তাহে সোম, বুধ ও শনিবার—এই তিন দিন এ রুটে উড়োজাহাজ চালাবে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার নগরের আগ্রাবাদ হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় সংস্থাটির পরিচালক হাসিবুর রশীদ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সোহেল মজিদ উপস্থিত ছিলেন।
মফিজুর রহমান বলেন, ‘২০১৩ সালে যাত্রা শুরুর পর সফলতার সঙ্গে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ পরিচালনা করে আসছে সংস্থাটি। এর ধারাবাহিকতায় দ্বিতীয় আন্তর্জাতিক গন্তব্য হিসেবে কলকাতা রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছি। ভবিষ্যতে চট্টগ্রাম থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং থাইল্যান্ডের চিয়াংমাইয়ে সরাসরি উড়োজাহাজ চালুর পরিকল্পনা রয়েছে।’
সংবাদ সম্মেলনে সংস্থার বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান সোহেল মজিদ বলেন, সপ্তাহের তিন দিন বেলা ২টা ৫০ মিনিটে নভোএয়ারের উড়োজাহাজ চট্টগ্রাম ছেড়ে যাবে। কলকাতায় পৌঁছাবে ৩টা ৩৫ মিনিটে। ফিরতি পথে কলকাতা থেকে ৪টা ২০ মিনিটে ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে ৬টা ৫ মিনিটে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা।