
বিশ্বমানে উন্নীত করার প্রত্যাশা নিয়ে বেসরকারি খাতের বিমান সংস্থা নভোএয়ার চতুর্থ বর্ষপূর্তি উৎসব করেছে। পঞ্চম বছরে বিমান সংস্থাটির লক্ষ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা করা।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নভোএয়ারের চতুর্থ বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিমান সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা তাঁদের প্রত্যাশার কথা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, একসময় বলা হতো অভ্যন্তরীণ রুটে যাত্রী পাওয়া যায় না। এখন সে ধারণা ভেঙে গেছে। রাজশাহী ও সৈয়দপুর রুটেও এখন চার-পাঁচটি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তাই দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলোর নিত্যনতুন রুটে সেবা বাড়াতে হবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতে নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নভোএয়ারের আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নভোএয়ারের যাত্রী পরিবহনে অবদান রাখায় ৪টি ক্যাটাগরিতে দেশের ২৬টি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা দেওয়া হয়।