নভোএয়ারকে বিশ্বমানের করার প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোএয়ারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো
নভোএয়ারের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রথম আলো

নভোএয়ারকে বিশ্বমানে উন্নীত করার প্রত্যাশা নিয়ে বেসরকারি খাতের এই ​​বিমান সংস্থাটি তাদের চতুর্থ বর্ষপূর্তি উৎ​সব করেছে। পঞ্চম বছরে বিমান সংস্থাটির লক্ষ্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনা করা।

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নভোএয়ারের চতুর্থ বছর পূর্তি ও পঞ্চম বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিমান সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা তাদের প্রত্যাশার কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নভোএয়ার দ্রুত সম্প্রসারণ হচ্ছে। এর যাত্রী সংখ্যাও বাড়ছে। তাদের আর বড় পরিসরে যাত্রীদের সেবা দিতে হবে। তিনি বলেন, এক সময় বলা হতো অভ্যন্তরীণ রুটে যাত্রী পাওয়া যায় না। এখন সে ধারণা ভেঙে গেছে। রাজশাহী ও সৈয়দপুর রুটেও এখন ৪/৫টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তাই অভ্যন্তরীণ রুটে যাত্রী পাওয়া যাবে না এ ধারণা ভুল। দেশীয় বেসরকারি বিমান সংস্থাগুলো নিত্য নতুন রুটে যাত্রীদের সেবা বাড়াতে হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নভোএয়ার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এর প্রথম লক্ষ্য ব্যবসা করা। তবে নভোএয়ারের চিন্তা চেতনায় বাংলাদেশ। ব্যবসার মাধ্যমে মানুষের সেবা দিতে নভোএয়ার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতে নতুন নতুন রুটে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নভোএয়ারের আছে। বিমান সংস্থাটিকে বিশ্বমানের করতেও তাঁরা কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নভোএয়ারের যাত্রী পরিবহনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাভেল এজেন্সিকে সম্মাননা দেওয়া হয়েছে। মোট ৪ টি ক্যাটাগরিতে ২৬টি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, নভোএয়ার ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ১১ হাজার ৬৬৫ টি ফ্লাইট পরিচালনার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ১০ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।