নভোএয়ারের চট্টগ্রাম-কলকাতা ফ্লাইট চালু
চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আজ বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতা রুটের প্রথম ফ্লাইট উদ্বোধন করা হয়।
নভোএয়ার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তাই নভোএয়ার যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে কলকাতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন¤১১ হাজার ৫৫৫ টাকা (সব ট্যাক্সসহ)। প্রতি শনিবার, সোমবার ও বুধবার সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে। বেলা ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কলকাতায় স্থানীয় সময় বেলা ৩টা ৩৫ মিনিটে পৌঁছাবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে ৬টা ০৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, পরিচালক হাসিবুর রশিদ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার মোহাম্মদ রিয়াজুল কবির, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন সংস্থা ও নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ডিসেম্বর ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে নভোএয়ার। ঢাকা-কলকাতা-ঢাকা রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া সর্বনিম্ন¤৯ হাজার ৯৯৯ টাকা (সব ট্যাক্সসহ) ধরা হয়েছে। এই রুটে প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রোববার সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।