নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক সিটিগ্রুপের বিরুদ্ধে মামলা ঠুকেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আর্থিক সংকটের আগে কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে অসত্য তথ্য দেওয়ার অভিযোগে নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক সিটিগ্রুপের বিরুদ্ধে মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়েছে, সিটিগ্রুপ নিজেদের আর্থিক ঝুঁকির বিষয়টি পুরোপুরি প্রকাশ না করায় নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটিতে সভরেইন ওয়েলথ ফান্ড থেকে বিনিয়োগ করে বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়েছে। গত শুক্রবার নিউইয়র্কে দায়ের করা মামলায় নরজেস ব্যাংক এই লোকসানের পরিমাণ ৮৩ কোটি ৫০ লাখ ডলার বলে দাবি করেছে। মামলায় আসামি হিসেবে অন্যান্যের মধ্যে সিটিগ্রুপের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্রম পণ্ডিত ও তাঁর পূর্বসূরি চুক প্রিন্সের নাম দেওয়া হয়েছে। মামলার অভিযোগনামায় বলা হয়েছে, বারবার অসত্য তথ্য দেওয়ায় সেই তথ্যের ভিত্তিতে নরওয়ে ২০০৭ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত সময়কালে সিটির সিকিউরিটিজ (শেয়ার) স্ফীতমূল্যে ক্রয় করেছে। এতে আরও বলা হয়েছে, পরবর্তী সময়ে যখন সিটির প্রকৃত আর্থিক অবস্থা প্রকাশ পেতে থাকে, তখন দেখা যায় যে প্রতিষ্ঠানটি প্রায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। এতে করে শেয়ারের দামও ব্যাপকভাবে কমে যায় এবং বিনিয়োগকারী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। তবে সিটিগ্রুপ এ অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, এই অভিযোগ টিকবে না এবং তারা যথাযথভাবেই আত্মপক্ষ সমর্থনে লড়বে।সিটিগ্রুপের বিরুদ্ধে অবশ্য এটা প্রথম কোনো মামলা নয়। গত বছরই আবুধাবি বিনিয়োগ কর্তৃপক্ষ তাদের ৭৫০ কোটি ডলারের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সিটির বিরুদ্ধে মামলা ঠুকেছিল। এ ছাড়া গত বছর নরওয়েরই সাতটি পৌর করপোরেশন ২০০৭ সালে সাড়ে ১১ কোটি ডলারে ডেরিভেটিভস বিক্রয়ে অনিয়মের অভিযোগে সিটিগ্রুপের বিরুদ্ধে মামলা করে। সূত্র: এফটি।