নরসিংদী চেম্বারের নির্বাচনে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনসংক্রান্ত বিষয়ে হাইকোর্টের আদেশের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ওই নির্বাচনের তিন প্রার্থীর করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী এ আদেশ দেন।
এর ফলে নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন ওই তিন প্রার্থীর আইনজীবী এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, নিয়ম অনুসারে এখন ২৪ ডিসেম্বর নির্বাচন হবে।
আইনজীবী সূত্র জানায়, নরসিংদী চেম্বারের নির্বাচনে তিনজনের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ও নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে মো. রাশিদুল হাসান নামের এক প্রার্থী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১৪ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্থগিতাদেশ ও রুল দেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ওই তিন প্রার্থী নিজামুদ্দিন ভূঁইয়া, আবদুল মোমেন মোল্লা ও মোমেন সরকার আবেদন করেন। এ আবেদনের ওপর গতকাল শুনানি হয়।