নরসিংহপুরে গ্যাস-সংকটে শিল্পের উৎপাদন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংকটের কারণে নারায়ণগঞ্জে শিল্পকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক মাস ধরে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে কাশিপুর ইউনিয়নের নরসিংহপুরে ১৯ ঘণ্টাই গ্যাসের চাপ থাকছে না। ফলে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা, স্পিনিং, টেক্সটাইল, রি-রোলিং মিলসহ শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কোটি কোটি টাকা লোকসান গুনছেন শিল্পমালিকেরা।
শাহীল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল ইসলাম বলেন, ‘এক মাস ধরে কাশিপুর ইউনিয়নের নরসিংহপুরে গ্যাসের মারাত্মক সংকট চলছে। প্রতিদিন রাত আড়াইটার দিকে কিছু গ্যাসের চাপ পাওয়া গেলেও ভোর না হতেই আবার গ্যাসের চাপ থাকে না। প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৫ ঘণ্টা গ্যাস মিলছে। বাকি ১৯ ঘণ্টা গ্যাস সরবরাহ নেই। এই সামান্য গ্যাস দিয়ে কীভাবে শিল্পপ্রতিষ্ঠান টিকবে? কীভাবে কারখানার উৎপাদন স্বাভাবিক থাকবে? কীভাবে শিপমেন্ট করব?’
সানরাইজ রি-রোলিং মিলের মালিক মোজাম্মেল হক বলেন, গ্যাসের কারণে আমাদের রি-রোলিং মিলের রডের উৎপাদন অর্ধেক কমে গেছে। এই সামান্য উৎপাদন দিয়ে শ্রমিকের মজুরিসহ ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। এক মাস ধরে গ্যাস-সংকট মারাত্মক আকার ধারণ করেছে।
কয়েকজন শিল্পমালিক জানান, কাশিপুর ইউনিয়নের নরসিংহপুর এলাকায় গ্যাস-সংকটের কারণে এসব প্রতিষ্ঠানের উৎপাদন অর্ধেকে নেমে গেছে। এভাবে গ্যাসের সংকট চলতে থাকলে কারখানাগুলো টিকে থাকা মুশকিল হয়ে পড়বে। উৎপাদন কমে যাওয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।
নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক জানান, গ্যাসের চাপ না থাকলে ডাইংয়ের সময় কাপড়ের রং সঠিক হয় না। এ জন্য নতুন করে খরচ বাড়ে। যার ফলে রপ্তানিতে মারাত্মকভাবে ক্ষতি হয়। তিনি বলেন, ‘প্রত্যাশা করছি, অতি দ্রুত গ্যাসের এই সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। না হলে রপ্তানি কমার আশঙ্কা আছে।’
গ্যাস-সংকটের কথা স্বীকার করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. মকবুল আহমদ জানান, ‘আমাদের পুরো নেটওয়ার্কে একটু সমস্যা যাচ্ছে। বিষয়টি সমাধান করার জন্য কর্তৃপক্ষ পর্যায়ে জানিয়েছি।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের বিশাল হাব সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টের উৎপাদন যখন বাড়ে তখন গ্যাসের সংকট দেখা দেয়। আমরা বিষয়টি কর্তৃপক্ষ পর্যায়ে জানিয়েছি, কীভাবে গ্যাসের চাপ বৃদ্ধি করা যায়।’
মকবুল আহমদ বলেন, ‘এলাকায় অনেক পুরোনো লাইন আছে। এই লাইনগুলোর সাইজ ছোট। যখন এসব এলাকায় পাইপলাইন স্থাপন করা হয়েছিল তখন তো সমস্যা ছিল না। তাই ছোট সাইজের পাইপলাইন নিয়ে কেউ চিন্তা করেনি। কিন্তু এখন দিন দিন গ্যাসের চাহিদা বেড়েছে, শিল্পকারখানার সংখ্যা বাড়ছে। আমরা তাদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য কাজ করছি।’