নরেন্দ্র মোদির প্রথম চ্যালেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের অদূরে আরব সাগরে ওএনজিসিরি একটি  তেলকূপ l ছবি: উইকিপিডিয়া
মুম্বাইয়ের অদূরে আরব সাগরে ওএনজিসিরি একটি তেলকূপ l ছবি: উইকিপিডিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রমালিকানাধীন সংস্থাগুলোর শেয়ার বেসরকারি খাতে বিক্রির উদ্যোগ নিয়েছেন। এর প্রথম পদক্ষেপ হিসেবে তিনি হাতে নিয়েছেন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) শেয়ার ছেড়ে ২৯০ কোটি মার্কিন ডলার (প্রায় ২৩ হাজার কোটি টাকা) সংগ্রহের পরিকল্পনা।
ভারতের চলতি ২০১৪-১৫ অথর্বছরের কেন্দ্রীয় বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ঘাটতি ৪ দশমিক ১ শতাংশের মধ্যে রাখার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী সংস্থাটির শেয়ার বিক্রির এই উদ্যোগ মোদির সক্ষমতা প্রমাণে সেটি প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অনেক অর্থনীতিবিদ ও বিশ্লেষক অবশ্য মনে করেন, এই উদ্যোগ বাস্তবসম্মত নয়।
ভারতের সরকার আশা করছে, নরেন্দ্র মোদির গত মে মাসের বিপুল বিজয়ের পর পুঁজিবাজারে যে তেজি ভাব চলছে, সেটি কাজে লাগিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারীকরণের এই উদ্যোগ থেকে ৬৩৪ বিলিয়ন ভারতীয় রুপি বা এক হাজার ৫০ কোটি মার্কিন ডলার আয় হবে সরকারের।
ধারাবাহিকভাবে আরও কিছু প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমান বাজারদর অনুযায়ী কোল ইন্ডিয়ার পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করে সরকারের আয় হতে পারে ১৯০ কোটি মার্কিন ডলার।
জেপিমরগ্যান ইন্ডিয়ার প্রধান অর্থনীতিবিদ সাজ্জিদ চিনয় বলেন, বাজেট ঘাটতি পূরণে ভারত সরকারের রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রির প্রক্রিয়ায় যাওয়া ছাড়া আর কোনো বাস্তবসম্মত পথ খোলা নেই। এটি বাস্তবায়নে সরকার তাই জোর উদ্যোগই নেবে।
কিছু বিশ্লেষক ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আশা করেছিলেন নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী ম্যান্ডেটকে কাজে লাগিয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারি একাধিপত্য ভেঙে পর্যায়ক্রমে সেগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নেবেন।
যদিও গত সপ্তাহের ঘোষিত বাজেটে এবং নরেন্দ্র মোদির প্রকাশ্য জনসভায় দেওয়া ভাষণে সে আভাস মিলছে না। পূর্ণ মাত্রায় বেসরকারীকরণে সংসদ সদস্য এবং ট্রেড ইউনিয়নগুলোর আপত্তি এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে সব সময়ই বাধা তৈরি করেছে।
ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থব্যবস্থার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শেয়ার বিক্রি করা হলেও তাতে সরকারি ৫০ শতাংশের বেশি হবে না বলে জানান ওই কর্মকর্তা।
সরকারি সম্পত্তি বিক্রির প্রথম পদক্ষেপ হিসেবে গত বুধবার ওএনজিসি-এর পাঁচ শতাংশ শেয়ার বিক্রির নোটিশ জারি করা হয়েছে। বাজারমূল্যের ভিত্তিতে ওএনজিসিকে ভারতের রাষ্ট্রনিয়ন্ত্রিত সবচেয়ে আকর্ষণীয় প্রতিষ্ঠান মনে করা হয়।
ভারতের বাজার নিয়ন্ত্রকদের মতে, শেয়ারবাজারে তালিকাভুক্ত যেসব কোম্পানিতে সরকারের শেয়ার আছে, সেগুলোতে আগামী তিন বছরের মধ্যে সরকারি মালিকানা কমিয়ে ২৫ ভাগে নিয়ে আসতে হবে। এর ফলে সরকারের আয় হতে পারে ৯০০ কোটি মার্কিন ডলার।
এসব উদ্যোগের ফলে সরকারের যথেষ্ট আয় হলেও রাষ্ট্রনিয়ন্ত্রিত এসব প্রতিষ্ঠানে যে অব্যবস্থাপনা রয়েছে তা কমার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ হিসেবে মনে করা হচ্ছে, বিক্রির পরও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে সরকারের প্রভাব কমবে না।
এসব কারণে বেসরকারীকরণের আগের অনেক উদ্যোগ সফলতা লাভ করেনি। পূর্ববর্তী সরকারগুলো সরকারি সম্পদ বিক্রি করে তাই যথেষ্ট আয় করতে পারেনি। এর আগে ২০১২ সালে ওএনজিসির পাঁচ শতাংশ শেয়ার বিক্রির একই উদ্যোগ খুবই বিব্রতকরভাবে ব্যর্থ হয়ে যায়।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস