নর্দার্ন জুটের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের কোম্পানি নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ২৩ মার্চ থেকে ৩১ মার্চ নর্দার্ন জুটের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। দাম বৃদ্ধির বিষয়টি তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৬৯ টাকা। গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ টাকায়।
এর আগে গত ২৫ মার্চ ডিএসইর এক অনুসন্ধানের জবাবে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো প্রকার তথ্য তাদের কাছে নেই। এর পরও দাম বৃদ্ধি অব্যাহত থাকায় ডিএসই কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।
এদিকে আজ দুপুর সোয়া ১২টা নাগাদ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বা ১০ টাকা ৬০ পয়সা বেড়ে লেনদেন চলে ১২০ টাকা ১০ পয়সায়।