নাকুগাঁও স্থল শুল্কবন্দর পিছিয়েই আছে
ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও শেরপুর জেলার নাকুগাঁও স্থল শুল্কবন্দরে গত প্রায় ১৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি, অবকাঠামোও গড়ে ওঠেনি। যে কারণে বন্দরটিতে আশাব্যঞ্জক হারে রাজস্ব-আয় বাড়েনি।সংশ্লিষ্ট ব্যবসায়ী মহল ও সরকারি কর্মকর্তারা মনে করেন, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নাকুগাঁওকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করা হলে সরকারের রাজস্ব-আয় বহুগুণ বাড়ার পাশাপাশি এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।শুল্ক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এই বন্দর থেকে আট কোটি ৩০ লাখ টাকার রাজস্ব-আয় হয়েছে। এর আগের ২০০৮-০৯ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল প্রায় সাত কোটি ৬৪ লাখ টাকা।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১৯৯৫ সালের এপ্রিল মাসে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে নাকুগাঁও স্থলবন্দরকে একটি স্থল শুল্কবন্দর হিসেবে ঘোষণা করে। এরপর ১৯৯৮ সালে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।সরেজমিনে ঘুরে দেখা যায়, ভারতের মেঘালয় রাজ্যের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ সীমান্তে যে তিনটি স্থলবন্দর রয়েছে, সেগুলোর মধ্যে নাকুগাঁও-ডালুর যোগাযোগব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত। অপর দুটি স্থলবন্দর হলো যথাক্রমে হালুয়াঘাট-গাছুয়াপাড়া ও কামালপুর-মহেন্দ্রগঞ্জ। এর মধ্যে একমাত্র নাকুগাঁও স্থল শুল্কবন্দরেই ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, যেটি দিয়ে এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ ভারতের মেঘালয় ও অন্যান্য রাজ্যে যাতায়াত করে থাকে। অপরদিকে এখান থেকে ভুটানের দূরত্বও মাত্র ২০০ কিলোমিটার। এশিয়ান হাইওয়ে কানেকটিভিটির অন্যতম রুট হিসেবে ইতিমধ্যে বন্দরটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বন্দরটির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বলে মনে করেন আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।শুল্ক কর্মকর্তারা জানান, বর্তমানে এই বন্দর দিয়ে কয়লা ও পাথর আমদানি এবং সিমেন্ট, কোমলপানীয় ও মশারির কাপড় রপ্তানি হচ্ছে। এখানে বর্তমানে সাত শতাধিক শ্রমিক কাজ করছেন।এই বন্দরের শুল্ক কর্মকর্তা মো. মানিকুজ্জামান বলেন, সম্ভাবনাময় হলেও এখানে এখনো অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন হয়নি। শুল্ক কর্মকর্তার কার্যালয়টিও ভাড়া বাড়িতে চলছে। কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য আধুনিক বাসভবন নেই। আর্থিক লেনদেনের জন্য ব্যাংকেরও কোনো শাখা নেই।আমদানি-রপ্তানিকারক এস এম আবু সাঈদ শামীম প্রথম আলোকে বলেন, নাকুগাঁওকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করতে অবিলম্বে এখানে ব্যাংকের বৈদেশিক বিনিময় শাখা, কাস্টমস সুপার অফিস, ওয়্যারহাউস, বন্দরের সংযোগ সড়কগুলো প্রশস্তকরণসহ আধুনিক সুযোগ-সুবিধাগুলো চালু করা দরকার।শেরপুর চেম্বারের সভাপতি মো. মাসুদ প্রথম আলোকে বলেন, নাকুগাঁও স্থলবন্দরের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ উন্নত করা প্রয়োজন। এতে শেরপুর জেলাসহ উত্তরবঙ্গের ব্যবসায়ীরা দ্রুত নাকুগাঁও স্থলবন্দরে মালামাল আনা-নেওয়া করতে পারবেন।জেলার নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান ও নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদশা বলেন, গত বছরের ১২ ডিসেম্বর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নাকুগাঁও স্থল শুল্কবন্দর পরিদর্শনকালে এটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তর করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি। তিনি এই বন্দর দিয়ে সব ধরনের বৈধ পণ্য আমদানি-রপ্তানির অনুমতি দাবি করেন।শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান প্রথম আলোকে জানান, তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান।