নাকুগাঁও স্থলবন্দরে প্রায় ১০ কোটি টাকার রাজস্ব আয়
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরে সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরে নয় কোটি ৬৫ লাখ টাকার রাজস্ব আয় হয়েছে, যা এর আগের ২০০৯-১০ অর্থবছরের আট কোটি ৪৫ লাখ ৮১ হাজার টাকার চেয়ে এক কোটি ১৯ লাখ টাকা বেশি।এই বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সিমেন্ট, ইট, কোমলপানীয়, ফলের রস, তাঁতের শাড়ি, মশারির নেট রপ্তানি এবং ভারত থেকে কয়লা ও পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি এবং এখানে ইমিগ্রেশন চেকপোস্ট থাকায় যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর আদায়ের সুবাদে উল্লিখিত পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। নাকুগাঁও স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আদিলুজ্জামান গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এই বন্দরে প্রতিবছরই রাজস্ব আয়ের পরিমাণ বাড়ছে। ইতিপূর্বে ২০০৮-০৯ অর্থবছরে সাত কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার রাজস্ব আদায় হয়েছে। এরপর ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে এখানে রাজস্ব আয় বেড়েছে। তিনি আরও বলেন, ‘পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম চালু হলে এই বন্দরে রাজস্ব আয়ের পরিমাণ বহু গুণ বেড়ে যাবে।’নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক এম এ হাকাম হীরা প্রথম আলোকে জানান, এই স্থলবন্দরটি এখন পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপান্তরের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে অবকাঠামোগত উন্নয়নের জন্য ১০ একর জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া চলছে। নাকুগাঁও থেকে নকলা পর্যন্ত সংযোগ সড়কের উন্নয়নকাজের প্রকল্পও একনেকের বৈঠকে অনুমোদিত হয়েছে। সড়কটির উন্নয়ন হলে নাকুগাঁও স্থলবন্দরটি ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত হবে।নাকুগাঁও শুল্ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এই বন্দর দিয়ে ভারত থেকে ৮৭ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা ও দুই হাজার ২০০ মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। আর ভারতে সাত হাজার ৪০০ মেট্রিক টন সিমেন্ট, ৩৫ হাজার ৮১১ পিস তাঁতের শাড়ি, সাত হাজার ২০০ মেট্রিক টন মশারির নেট, ১২ হাজার ৭৬৫ কেজি ফলের রস ও ৮৩ হাজার ইট রপ্তানি হয়েছে।