নানা অনিয়মে অভিযুক্ত হয়েছে প্রাইম ইসলামী লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লভ্যাংশ বিতরণ, প্রিমিয়াম ও আমানত সংগ্রহ, বিনিয়োগসহ ১৭টি বিষয়ে বিভিন্ন ধরনের অনিয়মের আশ্রয় নিয়েছে জীবন বিমা খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি এখতিয়ারের বাইরে গিয়ে শেয়ারবাজারে যেমন বিনিয়োগ করেছে, আবার দায়-দেনা নিরূপণ না করেই লভ্যাংশ দিয়েছে শেয়ারধারীদের। এতে প্রতারণার শিকার হয়েছেন কোম্পানিটির বিমা গ্রাহকেরা (পলিসিহোল্ডার)। বিমা গ্রাহকেরা পাঁচ বছর ধরেই কোম্পানিটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে এমন প্রতারণার শিকার হয়ে আসছেন। আর, এ কাজে কোম্পানিটিকে সহায়তা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক আফসার উদ্দিন আহমেদ। তিনি প্রাইম ইসলামী লাইফের অ্যাকচুয়ারিয়্যাল (গাণনিক) পরামর্শক।বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়োগ করা নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির এক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। গতকাল বুধবার তদন্ত প্রতিবেদনের সার-সংক্ষেপ প্রাইম লাইফের কাছে পাঠিয়ে কোম্পানিটির ব্যাখ্যা চেয়েছে আইডিআরএ। সংস্থাটি এর আগে ৫ অক্টোবর ১৫টি বিষয়ের ব্যাখ্যা জানতে চেয়ে একটি ই-মেইল বার্তা পাঠিয়েছিল আফসার উদ্দিন আহমেদের কাছে। প্রাইম লাইফের ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরের কার্যক্রম বিশ্লেষণ করে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইম লাইফ কর্তৃপক্ষ ১৯৩৮ সালের বিমা আইনের ১৩ ও ৪৮এ ধারা এবং ২০১০ সালের বিমা আইনের ৩০ ধারা লঙ্ঘন করে দায়-দেনা নিরূপণ না করে লভ্যাংশ দিয়েছে। আইন অনুযায়ী, কোম্পানির নিট মুনাফার ৯০ শতাংশ বোনাস আকারে পাওয়ার কথা বিমা গ্রাহকদের। আর শেয়ারধারীরা পাবেন বাকি অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ।কোম্পানিতে ১০ টাকা অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) এক কোটি ৫৭ লাখ ৯৫ হাজারটি শেয়ার রয়েছে, যার ৬০ শতাংশই সাধারণ জনগণের হাতে। অন্যদিকে, কোম্পানির বিমা গ্রাহকসংখ্যা দেড় লাখের কাছাকাছি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমা গ্রাহকদের স্বার্থকে গৌণ করে প্রাইম লাইফ কর্তৃপক্ষ শেয়ারধারীদের স্বার্থকে বড় করে দেখছে। কেননা, কোম্পানির পরিচালক ও উদ্যোক্তা শেয়ারধারীদের বেশির ভাগই শেয়ার ব্যবসার সঙ্গে যুক্ত।২০০৭ সালের গাণনিক প্রতিবেদন তৈরির জন্য কোম্পানিটি অ্যাকচুয়ারি (গাণিক) নিয়োগ দেয় আফসার উদ্দিন আহমেদকে। তিনি ওই বছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেন, যা বাস্তবায়িত হয়। পরবর্তী সময়ে তাঁর সুপারিশে লভ্যাংশ দেওয়া হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কোম্পানিটি বড় জালিয়াতির আশ্রয় নিয়েছে। ওই বছরের জন্য কোম্পানির পর্ষদ ২০০৯ সালের ২৯ জুন ৩০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করে। অথচ গাণিকের প্রতিবেদন পাওয়া যায় এর এক মাস পর, অর্থাৎ ২৯ জুলাই তারিখে, যাতে গাণিকের স্বাক্ষরটিও প্রশ্নসাপেক্ষ। সর্বশেষ কোম্পানিটি ২০০৯ সালে লভ্যাংশ দেয় ৪০ শতাংশ। তবে অনিয়মের কারণে ২০১০ সালের লভ্যাংশ ঘোষণার কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে। প্রতিবেদন অনুসারে, বিমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে জীবন বিমা কোম্পানিগুলোর জন্য সরকারি সিকিউরিটিজে ৩০ শতাংশ বিনিয়োগের যে বাধ্যবাধকতা রয়েছে, কোম্পানিটি পাঁচ বছর ধরেই তা অনুসরণ করেনি, বরং নির্ধারিত হারের চেয়ে কম বিনিয়োগ করেছে। আবার আইনানুযায়ী মূলধনের ৩০ শতাংশের বেশি শেয়ারবাজারে বিনিয়োগ করতে না পারলেও কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ করেছে ৪৫ শতাংশ। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, প্রাইম লাইফের নানা অনিয়মের বিষয় আইডিআরএর নজরে এসেছে। বিমাশিল্পের স্বার্থে আইনানুযায়ী লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাইম লাইফের ব্যবস্থাপনা পরিচালক কে এম মর্তুজা আলী প্রথম আলোকে বলেন, আইডিআরএর চিঠিটি গতকাল (বুধবার) সন্ধ্যা (সাতটা) পর্যন্ত পড়েননি বলে কোনো মন্তব্য করতে পারছেন না। তবে তিনি বলেন, কোম্পানিটিতে কোনো ইচ্ছাকৃত অনিয়ম করা হয়নি, বরং তাঁদের কিছু ভুলভ্রান্তি হয়েছে। ভবিষ্যতে এসব ব্যাপারে তাঁরা সতর্ক থাকবেন। আইডিআরএ ব্যাখ্যা চেয়ে ই-মেইল পাঠানোর পর সম্প্রতি বক্তব্যের জন্য প্রথম আলোর পক্ষ থেকেও আফসার উদ্দিন আহমেদের কাছে তিন দফা ই-মেইল পাঠানো হয়। তিনি কোনো লিখিত জবাব দেননি। তবে অস্ট্রেলিয়া থেকে টেলিফোনে প্রথম আলোকে বলেছেন, ব্যস্ততার কারণে তিনি ই-মেইল বার্তাগুলোর কোনো জবাব দিতে পারেননি। আর পরামর্শকের কাজটি সহজে করার জন্য কিছু ক্ষেত্রে নিয়মকানুন অনুসরণ করা হয়নি।