নানা নকশার পাদুকা ক্রেতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মেলায় গতকাল বিভিন্ন স্টলে পাদুকা দেখেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
বাণিজ্য মেলায় গতকাল বিভিন্ন স্টলে পাদুকা দেখেন ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

‘আমরা ৫৬৭টি ডিজাইনের (নকশা) পাদুকা এনেছি। ১০ শতাংশ থেকে কোনো কোনো ক্ষেত্রে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছি। কিন্তু ফলাফল শূন্য। বিক্রি হচ্ছে না।’
খেদের সঙ্গেই কথাগুলো বলছিলেন এবারের বাণিজ্য মেলায় জেনিসের স্টলের ইনচার্জ এনামুল হক। ওই স্টলেই তাঁর সঙ্গে গত মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদকের কথা হয়। বলছিলেন, ‘অবরোধে এবার আমাদের বেচাবিক্রি একদম নেই। গত বছর এই সময়ে যত পণ্য বিক্রি করেছিলাম, এবার তার তিন ভাগের এক ভাগও হয়নি। ঢাকার বাইরের ক্রেতারা আসতে পারছেন না। আর ঢাকার ক্রেতারা মেলায় আসছেন ঘুরতে, কিনছেন না।’
এনামুল হকের বক্তব্যে এবারের মেলায় পাদুকার বেচাবিক্রির পূর্ণাঙ্গ চিত্রই উঠে এসেছে। ব্র্যান্ড প্রতিষ্ঠান থেকে শুরু করে স্থানীয় ছোট পাদুকা প্রস্তুতকারক—সবাই মেলায় নানা নকশার নতুন পাদুকা এনেছে। ক্রেতাকে দিচ্ছে মূল্যছাড়। কিন্তু কোনো কিছুই যেন ক্রেতাকে আকৃষ্ট করতে পারছে না। মেলায় ক্রেতাও আসছে কম।
রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বিভিন্ন পাদুকার স্টল ঘুরে দেখা গেছে, সেসব স্টলে ক্রেতা-দর্শনার্থী কম ঢুকেছেন, বিক্রিও হয়েছে সামান্য। আর গতকালও পরিস্থিতি মোটামুটি একই রকম ছিল।
বেলা পৌনে একটা থেকে প্রায় ১৫ মিনিটের মতো এই প্রতিবেদক জেনিসের স্টলে ছিলেন। এ সময় মাত্র একজন ক্রেতাকে স্যান্ডেল কিনতে দেখেন তিনি। ওই ক্রেতা বলেন, ‘ এক হাজার ৫০ টাকা দিয়ে স্যান্ডেল কিনলাম। দামের সঙ্গে মিলেছে, তাই কিনেছি।’
ওই স্টলের ইনচার্জ এনামুল হক জানান, গতবার মেলায় নতুন পাদুকায় কোনো মূল্যছাড় ছিল না। তার পরও সেগুলোর বিক্রি ভালো ছিল। এবার নতুন পাদুকাতেও ১০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। তবুও বিক্রি হচ্ছে না।
জেনিসের স্টলে পুরুষের পাদুকা এক হাজার ৩৫০ থেকে ৭ হাজার ৫০০ টাকা, সেন্ডেল বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ২ হাজার ১৯০ টাকা আর মহিলাদের সেন্ডেল ৫৫০ থেকে ২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসব পাদুকার ওপর ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে। চামড়াজাত কিছু পণ্যও মেলায় এনেছে জেনিস। এর মধ্যে আছে ব্লেজার জ্যাকেট, পুরুষের ব্যাগ ও লেডিস ব্যাগ। এসবের বিক্রিও ভালো না।
সম্প্রতি দেশের পাদুকার বাজারে যাত্রা শুরু করেছে ওরিয়ন। মেলায় তাদের একটি স্টলও রয়েছে। স্টলটিতে প্রতিষ্ঠানটির পিকাসো, অ্যালবাট্রস, স্ট্যামিনো, এঞ্জেলো, স্কাইহাই এবং ওরিয়ন ব্র্যান্ড নামের পাদুকা প্রদর্শিত হচ্ছে। তবে এসব পাদুকা বিক্রি করা হচ্ছে না।
স্টলটির ব্যবস্থাপক সাহেদুর রহমান বলেন, ‘আমরা মেলায় নিজেদের প্রমোশন করছি। সে কারণে শুধুই পাদুকা প্রদর্শন করছি। তবে মেলার শেষ দিকে এসব বিক্রি হতে পারে।’
বিদেশি ব্র্যান্ড ক্লার্ক ও ওডল্যান্ডের পাদুকাও এ দেশে বাজারজাত করছে ওরিয়ন। এসব পাদুকাও মেলার স্টলে প্রদর্শিত হচ্ছে।
মেলা প্রাঙ্গণের ঠিক মাঝামাঝি স্থানে পাশাপাশি দুটি পাদুকার স্টল আছে লেদারকেইভ আর বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির। এসব স্টলেও নানা ধরনের পাদুকা ঠাঁই পেয়েছে। পাদুকা সমিতির স্টলে ক্রেতার জন্য ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। দাম ৯৫ থেকে ২ হাজার ২৫০ টাকা।
এত কম দামে পাদুকার বিক্রি করছেন কীভাবে?—জানতে চাইলে সমিতির স্টলের ব্যবস্থাপক রিয়াদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘সমিতির ৪৫০ জন সদস্যের পাদুকা এখানে বিক্রি হচ্ছে। আমাদের এই স্টলের ব্যবস্থা করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। স্টলের ভাড়া দিতে হয় না। সে কারণে আমরা প্রায় উৎপাদন মূল্যেই পণ্য বিক্রি করছি।’
মেলায় স্থানীয় পাদুকা প্রস্তুতকারকদের পাদুকারও (নন-ব্র্যান্ড) বেশ কয়েকটি স্টল রয়েছে। এমা এন্টারপ্রাইজের স্টলে বিক্রি হতে দেখা গেছে আলিফ এন্টারপ্রাইজ ব্র্যান্ড নামের পাদুকা। ওই স্টলে বাচ্চাদের সেন্ডেল ২০০ থেকে ৪০০ টাকা, মহিলাদের সেন্ডেল ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়। একই দামে প্রায় ধরনের পাদুকা বিক্রি হতে দেখা গেছে কালাম সুজের স্টলে।
প্রায় সব বিদেশি প্যাভিলিয়নেই সে দেশের তৈরি পাদুকার স্টলও রয়েছে। থাই গ্যালারি, ভারতীয় প্যাভিলিয়ন, পাকিস্তানি প্যাভিলিয়ন ও ইরানি প্যাভিলিয়নে নানা ধরনের ও নকশার পাদুকা রয়েছে।