নানা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতি ছিল সুদৃঢ়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক বিচক্ষণ মুদ্রানীতি এবং অন্যান্য নীতি-পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা এবং এর সূচকগুলোর উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। ফলে চলমান বৈশ্বিক মন্দা ও অভ্যন্তরীণ অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সত্ত্বেও সার্বিক বিচারে ২০১৩ সালে দেশের অর্থনীতি মোটামুটি ইতিবাচক ধারায় ছিল।
বিদায়ী বছরের অর্থনীতিকে বাংলাদেশ ব্যাংক এভাবেই মূল্যায়ন করেছে। এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির অধিকাংশ সূচকের ইতিবাচক পরিবর্তন এ পরিস্থিতিতেও অর্থনীতির জন্য স্বস্তিদায়ক এবং বাংলাদেশের অর্থনীতির অন্তর্নিহিত ‘রেজিলিয়েন্স’-এর পরিচায়ক। তবে, বছরের সর্বশেষ প্রান্তিকে সূচকগুলো বাস্তব কারণেই বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, ২০১৩ সালে আমদানি, রপ্তানি, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। ২০১২-১৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক শূন্য ৩ শতাংশ। তবে বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি অর্থবছরে গত চার অর্থবছরের গড় প্রবৃদ্ধি পুরোপুরি অর্জন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে মূল্যস্ফীতির হার ধারাবাহিকভাবে কমছে। বার্ষিক ২০১২-১৩ অর্থবছর শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৭ শতাংশ। আর চলতি অর্থবছরের নভেম্বর শেষে তা আরও কমে হয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহব্যবস্থায় বিঘ্নিত হচ্ছে। তাই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকার ঝুঁকি অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক।
রেমিট্যান্স ও রপ্তানি আয়ে বড় ধরনের প্রবৃদ্ধির কারণে গত বছরের জানুয়ারিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথম এক হাজার ৩০০ কোটি ডলার এবং ডিসেম্বরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৮০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে।