নানা বাধায় এসএমই খাতের কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি
সহজে পর্যাপ্ত অর্থ না পাওয়া, ব্যাংকঋণের উচ্চ সুদহার, দুর্বল বিপণনব্যবস্থা এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করতে না পারার কারণে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রগতি হয়নি।এমন মন্তব্য করে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলেছেন, এসএমই খাতের উন্নয়নের জন্য প্রয়োজন সুবিন্যস্ত নীতি ও নীতির ধারাবাহিকতা রক্ষা করা। গ্লোবাল ভ্যালু চেইনের সঙ্গে এসএমইকে অঙ্গীভূতকরণ-বিষয়ক উপ-আঞ্চলিক সেমিনারে এসব অভিমত উঠে আসে। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি), ইউএনএসক্যাপ ও ব্র্যাক ব্যাংক।সেমিনারের সভাপতিত্বকালে আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর বেসরকারি খাতের ব্যবসার ৯০ শতাংশই হয় এসএমই খাত থেকে। তবে সে অনুযায়ী উৎপাদন ও রপ্তানির পরিমাণ কম। মোট উৎপাদনের মাত্র ৩৫ শতাংশ এবং রপ্তানির ২৫ শতাংশ আসে এসএমই খাত থেকে।মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ভ্যালু চেইনের মাধ্যমে সহজেই এসএমই পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে। এসএমই খাতের উদ্যোক্তারা চাইলে অন্য দেশের বড় ও ছোট এসএমই উদ্যোক্তাদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে পারেন। এ ধরনের ভ্যালু চেইন উদ্যোগ বাংলাদেশের মতো দেশগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যে মূল্য সংযোজন কর্মকাণ্ড বাড়াতে সহায়তা করবে।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘এসএমই হচ্ছে সামাজিক দায়বদ্ধ কাজ। সামাজিক দায়বদ্ধতার দিকে নজর না দিলে বিশ্বমন্দা মোকাবিলা সম্ভব নয়। আমরা মন্দা মোকাবিলা করতে পেরেছি, কারণ আমরা সামাজিক দায়বদ্ধতার বিষয়টিতে বেশি নজর দিয়েছি।’ তিনি বলেন, এসএমই খাতে এ পর্যন্ত ৬০০ কোটি টাকা পুনঃ অর্থায়ন হয়েছে। আর পুনঃ অর্থায়ন তহবিলের ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, কয়েক দশক ধরে এসএমই খাতের জন্য যেসব নীতিমালা করা হয়েছিল তা স্থির থাকেনি। দ্রুত পরিবর্তন করা হয়েছে। এসএমই খাতের স্বার্থেই স্থিতিশীল নীতিমালা প্রয়োজন।এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিজওয়ানুল কবির বলেন, ‘অনেক গবেষণা হয়েছে, আলোচনা হয়েছে। এখন সময় এসেছে প্রযুক্তি ব্যবহার করে এসব বিষয়কে কাজে লাগানোর।’ প্রশ্নোত্তর পর্বে আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান বলেন, অনেক ক্ষেত্রে আমদানি করা পণ্য আর দেশে উৎপাদিত পণ্যের মূল্য প্রায় সমান হয়ে যায়। তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কেন উদ্যোক্তারা পণ্য উৎপাদন করবেন?’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমান বলেন, দেশে উৎপাদিত প্লাস্টিক পণ্য রপ্তানির বেশ সম্ভাবনা রয়েছে। হালকা প্রকৌশল খাতও সম্ভাবনাময়। এসব খাতকে উৎসাহিত করা উচিত।সেমিনারে ইউএনএসকাপের অর্থনৈতিক সম্পর্ক কর্মকর্তা মাসাতো আবে, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।