নানা সমস্যায় খুলনার চামড়া ব্যবসায়ীরা এবার দুশ্চিন্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার চামড়া ব্যবসায়ীরা নানাবিধ সমস্যার কারণে এবার কোরবানির পশুর চামড়া কিনতে পারবেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।ব্যবসায়ীরা জানান, ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিপুলসংখ্যক টাকা বকেয়া পড়ে থাকা; মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া ও দালাল চক্রের উৎপাত; বিভিন্ন স্থানে চাঁদাবাজি; চলতি মূলধনের অভাব এবং বিশ্ববাজারে মন্দার কারণে তাঁরা এখন চামড়া কেনার ব্যাপারে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।নগরের শেখপাড়া চামড়াপট্টির নুরুল আমিন শেখসহ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, সাধারণত ঈদের আগে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে তাঁরা চামড়া কিনে থাকেন এবং তা ঢাকার ট্যানারি মালিকদের কাছে বিক্রি করে ঋণ শোধ দেওয়ার আশা করেন। কিন্তু ঢাকার ট্যানারি মালিকেরা কয়েক বছর ধরে চামড়া কিনে নিয়েও সময়মতো টাকা পরিশোধ করেননি। এতে স্থানীয় ব্যবসায়ীরা মূলধনের সংকটে পড়ে পথে বসার উপক্রম হয়েছেন এবং কোরবানির পশুর চামড়া কেনার প্রস্তুতি নিতে পারছেন না।লোকসান গুনতে গুনতে ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে ফেলেছেন বলেও তাঁরা উল্লেখ করেন।জাফর লেদারের মালিক মো. আবু জাফর জানান, গত রোজার ঈদের পর থেকেই চামড়ার দাম পড়তে শুরু করেছে। তখন প্রতিটি গরুর চামড়া যেখানে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে, সেখানে তা এখন এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।খুলনা জেলা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ প্রথম আলোকে জানান, ঢাকার ট্যানারি মালিকদের কাছে খুলনার ব্যবসায়ীদের প্রায় ৮-১০ কোটি টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা যদি কিছুটা পাওয়া যায় তাহলেও খুলনার ব্যবসায়ীরা চামড়া কিনতে পারবেন। তিনি আরও বলেন, ঢাকার ট্যানারি মালিকেরা সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে ফেলে দেন। এ ছাড়া ব্যাংকগুলো ট্যানারি মালিকদের ব্যাংকঋণ দিলেও ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে অনীহা দেখায়।সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী জানান, মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া-দালাল চক্রের কারণে প্রকৃত ব্যবসায়ীরা কোণঠাসা হয়ে পড়েছেন। কোরবানির সময় এরা নগরের মোড়ে মোড়ে এবং উপজেলার বিভিন্ন স্থান থেকে চামড়া কিনে ট্যানারি মালিকদের কাছে কম দামে বিক্রি করছে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।আবদুস সালাম ঢালী আরও বলেন, সরকার ঋণের ব্যবস্থা করলে প্রকৃত চামড়া ব্যবসায়ীরা উপকৃত হতেন। এ ছাড়া আবদুস সালাম খুলনা সিটি করপোরেশনের কাছে চামড়া ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট স্থানে মার্কেট গড়ে তোলারও দাবি জানান।