
‘করের বোঝা না বাড়িয়ে আওতা বাড়ান’। ‘করপোরেট করহার কমান’। ‘বিভিন্ন পণ্যের কাঁচামালের আমদানি শুল্ক কমান’। ‘তৈরি পণ্যে সম্পূরক শুল্ক বাড়ান’। আসন্ন বাজেটে এমন নানামুখী কর ছাড় চান দেশের ব্যবসায়ীরা।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৩৬তম সভায় অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে পেয়ে এসব সব দাবি তুলে ধরেছেন ব্যবসায়ীরা।
এনবিআর ও এফবিসিসিআই যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আমদানি শুল্কসংক্রান্ত ৩১৮টি, মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত ১২৭টি এবং আয়করসংক্রান্ত ১৪২টি বাজেট প্রস্তাব তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়িয়ে ২ লাখ ৭৫ হাজার করা এবং করপোরেট কর কমিয়ে যুক্তিযুক্ত করার প্রস্তাব দেন।
এফবিসিসিআই মূলধনি যন্ত্রপাতি ও মৌলিক কাঁচামাল আমদানিতে ১ শতাংশ শুল্ক ধার্য ও অগ্রিম আয়কর প্রত্যাহার, দেশে তৈরি পণ্য ও আমদানি পণ্যের মধ্যকার শুল্ক পার্থক্য ৩০-৪০ শতাংশ করার প্রস্তাব করেছে।
এ ছাড়া আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক বহাল রাখা, উৎপাদন পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার, এসএমইর ৪২ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন করমুক্ত রাখা, রপ্তানির সব ক্ষেত্রে দশমিক ৩ শতাংশ উৎসে কর কাটা, কর রেয়াত পাওয়া অগ্রাধিকার খাতগুলোকে ২০১৯ সাল পর্যন্ত এ সুবিধা দেওয়া, কৃষিতে ভর্তুকি না কমানো, আন্ডার ইনভয়েসিং দূর করতে সংবেদনশীল খাতগুলোর ওপর সুনির্দিষ্ট শুল্কহার আরোপ, এনবিআরে বিরোধ নিষ্পত্তি কাউন্সিল গঠনের দাবি জানায় এফবিসিসিআই।
কাজী আকরাম বলেন, সরকারের সব স্তরের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নইলে কাঙ্ক্ষিত বিনিয়োগ হবে না। অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে। ই-টেন্ডারিংয়ের মাধ্যমে সরকারি কেনাকাটায় দুর্নীতি ব্যাপকভাবে কমানো সম্ভব। আবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিনিয়োগ বোর্ড, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখা ও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে শিল্পসচিব মোশাররফ হোসেন ভুইঞা বলেন, আগামী বাজেটে অটোমোবাইল শিল্পকে সহায়তা দেওয়া প্রয়োজন। তিনি আমদানি পর্যায়ে শুল্ক দিলে উৎপাদন পর্যায়ে তা প্রত্যাহারের প্রস্তাব করেন। তিনি বলেন, দেশে এখন চিনি ও ছাই একই দামে বিক্রি হয়। চিনি থেকে আরও রাজস্ব আদায়ের সুযোগ আছে। এতে দেশীয় শিল্প লাভবান হবে।
মুক্ত আলোচনায় বাংলাদেশ রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার প্রতিফলন বাজেটে যেন আমরা পাই। রপ্তানিমুখী শিল্প নানা কারণে চ্যালেঞ্জের মধ্যে আছে। মূল্য সক্ষমতা কমে আসছে। তাই যেসব খাতে নীতিসহায়তা দেওয়া হচ্ছে, সেগুলো অব্যাহত রাখা দরকার। নতুন বাজার প্রণোদনা আগামী তিন বছর পর্যন্ত বহাল রাখা দরকার। এ ছাড়া উৎসে কর যেভাবে আছে, সেভাবে রাখা দরকার।’

সাংসদ গোলাম দস্তগীর গাজী বলেন, ব্যাংকঋণের উচ্চ সুদহার বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা। সঞ্চয়পত্রের সুদহার ২ শতাংশ কমানোর কারণে ব্যাংকঋণের সুদহার কমে আসবে। তবে তা এক অঙ্কের ঘরে আসবে না। সে জন্য সঞ্চয়পত্রের সুদের হার আরও কমানো যেতে পারে। করপোরেট কর কমানোর দাবি জানিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরে করপোরেট কর ১৭ দশমিক ৫ শতাংশ আর দেশে ৩৫ শতাংশ।
নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বাজেট এলে ব্যবসায়ীরা আতঙ্কে থাকেন। আতঙ্ক এ জন্য, যে স্পিরিট নিয়ে বাজেট করা হয়, মাঠপর্যায়ের কর কর্মকর্তারা তা অনুসরণ করেন না।’
পোশাকশিল্পের ওপর বর্তমানে দশমিক ৩০ শতাংশ উৎসে কর ধার্য রয়েছে। আগামী ৩০ জুন এর মেয়াদ শেষ হবে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম আগামী বছরের জন্যও এই সুযোগটি চেয়েছেন।
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরী ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুমোদনের ক্ষমতা সমিতিকে দিতে এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ জানান।
পাটপণ্য রপ্তানিকারক সমিতির সহসভাপতি এস আহমেদ মজুমদার বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পাটপণ্য রপ্তানিতে নগদ সহায়তার দাবি করেন। বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ফেরদৌসী বেগম শস্যবিমা চালুর জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান।
বারভিডার সভাপতি এম এ হামিদ শরীফ বলেন, মাইক্রোবাস আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা আছে। এই শুল্কহার না কমানো হলে একটি মাইক্রোবাসের পরিবর্তে তিন-চারটি প্রাইভেট কার কেনার দিকেই ঝুঁকবেন ক্রেতারা। এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ দেশীয় রুগ্ণ শিল্পগুলোতে কালোটাকা বিনিয়োগের সুযোগ রাখার দাবি জানান।
চট্টগ্রাম মেট্রো চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে আগামী বাজেটে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার দাবি জানান।
আসবাবপত্র রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আকতারুজ্জামান আসবাবপত্র রপ্তানিতে ২০ শতাংশ নগদ সহায়তা চান।
সফটওয়্যার রপ্তানিকারকদের সমিতি বেসিসের সভাপতি শামীম আহসান ই-কমার্স থেকে মূসক প্রত্যাহার এবং সফটওয়্যার আমদানিতে ১০-১৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেন।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মোট ৫৪ জন বক্তব্য দেন।