নাফকো গ্রুপকে বাজার বৃদ্ধিতে সহায়তা দেবে এমফোরসি

উত্তরবঙ্গের ১০টি জেলার চরাঞ্চলে নাফকো গ্রুপের পণ্য বিপণন কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করবে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য যমুনা, পদ্মা অ্যান্ড তিস্তা চরস (এমফোরসি) প্রকল্প।
এ ব্যাপারে এমফোরসির সঙ্গে সম্প্রতি নাফকো গ্রুপের একটি চুক্তি হয়েছে। নাফকো গ্রুপের পরিচালক এম এম শাম্মী হুদা ও এমফোরসি প্রকল্পের মহাব্যবস্থাপক ফৌজিয়া নাসরিন ঢাকার বারিধারায় সুইসকন্ট্যাক্টের কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় নাফকোর পরিচালক সাইফুল হুদা, এমফোরসির বাজার উন্নয়ন পরিচালক সুব্রত কুমারসহ উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাফকো গ্রুপ ৩০ বছর ধরে দেশে আমদানি করা মিশ্র সার, অনুখাদ্য ও বালাইনাশক বাজারজাত করে আসছে এবং ধীরে ধীরে বীজ, গোখাদ্য, মৎস্যখাদ্য ও ওষুধ খাতে ব্যবসায় সম্প্রসারণ করছে। আর এমফোরসি একটি পাঁচ বছর মেয়াদি প্রকল্প, যা উত্তরবঙ্গের চরাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির লক্ষ্যে উন্নত বাজারব্যবস্থা তৈরির কাজ করছে। বিজ্ঞপ্তি।