নামজারি না হওয়ায় বিনিয়োগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুরিয়ার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) প্রায় আড়াই হাজার একর জমির মধ্যে ২ হাজার ৯২ একর বা ৮৪ শতাংশ জমির উন্নয়নকাজ শেষ করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। তবে জমি নিবন্ধন ও নামজারি না হওয়ায় ইয়াংওয়ান ছাড়া বিদেশি বিনিয়োগকারীরা এই ইপিজেডে বিনিয়োগ করতে পারছে না। কেইপিজেড ঘুরে ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
পরিবেশ ছাড়পত্রের শর্তানুযায়ী, ইপিজেডের জন্য বরাদ্দ করা জমির ৪৮ শতাংশ বা ১ হাজার ২০০ একর জমিতে শিল্প-কারখানা ও আনুষঙ্গিক অবকাঠামো তৈরি করা যাবে। এ ছাড়া ৩৩ শতাংশ বা ৮২২ একর জায়গায় বনায়ন বা সবুজ অঞ্চল, ১৯ শতাংশ বা ৪৭০ একর জমি হ্রদ ও খোলা অঞ্চল হিসেবে ব্যবহার করতে হবে।
গতকাল রোববার দুপুরে কেইপিজেড ঘুরে দেখা যায়, শিল্প-কারখানার জন্য প্লট, সবুজ অঞ্চল ও খোলা জায়গা—এই তিন স্তরে গড়ে তোলা হয়েছে ইপিজেডের ভূমি। ইপিজেডের অভ্যন্তরীণ সড়ক তৈরি হয়েছে শুধু ইটের ব্লক ব্যবহার করে। প্রায় ২৬ কিলোমিটার সড়কের নির্মাণকাজও শেষ হয়েছে। ইপিজেডে নির্মিত কারখানা ভবনের চারপাশে খোলা রাখা হয়েছে বিশাল জায়গা। পরিবেশবান্ধব অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে ইপিজেডের ভূমি।
সরেজমিন পরিদর্শনের সময় কোরিয়ান ইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের কর্মকর্তারা জানান, পরিবেশের ছাড়পত্রের শর্তানুযায়ী, শিল্প-কারখানার জন্য বরাদ্দ ১ হাজার ২০০ একর জমির মধ্যে ৮০০ একর জমির উন্নয়নকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৪০০ একর জমি আগামী দুই শুষ্ক মৌসুমের মধ্যে শিল্প-কারখানার উপযোগী করে গড়ে তোলা হবে। ২২টি কারখানা ভবন নির্মাণ হয়েছে। এর মধ্যে ১৬টি ভবনে কারখানা চালু হয়েছে। কর্মসংস্থান হয়েছে প্রায় ১৪ হাজার লোকের, যার ৯৮ শতাংশই দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা। এ ছাড়া আইটি পার্ক, কৃষি প্রক্রিয়াজাতকরণ কারখানা, ভারী শিল্প এলাকা—এ রকম নানা ক্যাটাগরি ভেদে শিল্প-প্লটের নকশা তৈরি করা হয়েছে।
ইপিজেড কর্তৃপক্ষ জানায়, শিল্প-কারখানার বাইরে বনায়নের মাধ্যমে ৮২২ একর জমি গড়ে তোলা হয়েছে সবুজ অঞ্চল হিসেবে। এখানে ১৮ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। এর বাইরে ৪৭০ একর জমি খোলা অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে আছে ১৭টি হ্রদ, যেখানে ৩৬ কোটি গ্যালন বৃষ্টির পানি সংরক্ষণ করা যাবে।
গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় ভূমি ব্যবহার কমিটির প্রথম সভায় কেইপিজেডের আড়াই হাজার একর জমি থেকে দুই হাজার একর জমি সরকার ফেরত নেবে বলে সিদ্ধান্ত হয়। এ নিয়ে জানতে চাইলে কেইপিজেডের নির্বাহী পরিচালক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, এই সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। যেহেতু কেইপিজেড কর্তৃপক্ষ সিংহভাগ ভূমির উন্নয়নকাজ শেষ করেছে, সে জন্য এই সিদ্ধান্ত সরকার পুনর্বিবেচনা করবে বলে আশা করেন তিনি।
গত ২৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার টেক্সটাইল মালিক সমিতির একটি প্রতিনিধিদল এই ইপিজেড ঘুরে এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর আগে স্যামস্যাংসহ বিশ্বের ১০টি কোম্পানি এই ইপিজেডে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিল। তবে কেইপিজেডের নামে জমির নিবন্ধন ও নামজারি না থাকায় এসব কোম্পানি বিনিয়োগ করেনি।
জানতে চাইলে মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, সরকার দ্রুত এই জমি নিবন্ধন ও নামজারি করলে এখানে শিল্পায়ন ত্বরান্বিত হবে। কর্মসংস্থানও বাড়বে। কারণ, এখন ইয়াংওয়ান ছাড়া অন্য বিদেশি প্রতিষ্ঠানগুলোকে শিল্প-কারখানার জন্য লিজ দেওয়ার চুক্তি করা যাচ্ছে না। চুক্তি করার জন্য বিনিয়োগকারীরা কেইপিজেডের নামে জমি নিবন্ধন ও নামজারি চায়।
১৯৯৫ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে কেইপিজেড স্থাপনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ইয়াংওয়ান এই ইপিজেড স্থাপনের অনুমোদন পায়। ১৯৯৯ সালে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেডের জন্য জমি বরাদ্দ করা হয়।