নামমাত্র সুদে জাপানের ৮,৬৬০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে নামমাত্র সুদে ৮ হাজার ৬৬০ কোটি টাকা ঋণ দেবে জাপান। এ জন্য জাপানের সঙ্গে বিনিময় নোট ও ঋণচুক্তি করেছে সরকার। গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ চুক্তি সই হয়। ঋণের পুরো অর্থ ব্যয় হবে বিদ্যুৎসহ মোট ছয়টি খাতে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিনের সঙ্গে বিনিময় নোট চুক্তিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে এবং ঋণচুক্তিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশ প্রধান প্রতিনিধি মিকিও হাতাদা স্বাক্ষর করেন।
চুক্তি সইয়ের পর ইআরডি সচিবসহ তিনজনই সাংবাদিকদের কাছে প্রকল্পগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে জানানো হয়, জাইকার মাধ্যমে বাংলাদেশকে ১৩ হাজার ৩২৬ কোটি ৫০ লাখ জাপানি ইয়েন দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৬৬০ কোটি টাকা। সুদের হার হবে বার্ষিক শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। ১০ বছরের রেয়াতসহ (গ্রেস পিরিয়ড) ৪০ বছরে এ ঋণের অর্থ পরিশোধ করতে হবে।
অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত বলেন, জাপানি ইয়েনের বিবেচনায় এটাই বাংলাদেশকে দেওয়া সবচেয়ে বড় ঋণ-সহায়তা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় জাপানের পক্ষ থেকে তাঁকে পাঁচ বছরে ৬০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এ দফার ঋণ-সহায়তা তারই অংশ।
জাপানের ৩৬তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) ঋণ প্যাকেজের আওতায় বাংলাদেশ এ অর্থ পাবে। নামমাত্র বা সহজ শর্তের ঋণগুলো ওডিএ হিসেবে পরিচিত।
ছয় প্রকল্পের মধ্যে টাকার অঙ্কে সবচেয়ে বড় হচ্ছে ঢাকা-চট্টগ্রাম প্রধান পাওয়ার গ্রিড শক্তিশালীকরণ প্রকল্প। এর আকার ৪ হাজার ৫৫০ কোটি টাকা। প্রকল্পের মোট ব্যয়ের ৬৩ শতাংশ অর্থাৎ ২ হাজার ৮৪৪ কোটি টাকা ঋণ দেবে জাপান। পশ্চিমাঞ্চল বাংলাদেশ সেতু উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯১৪ কোটি টাকা। প্রকল্পের ৬৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৯০৭ কোটি টাকা ঋণ দেবে জাপান। এর মাধ্যমে দেশের পশ্চিমাঞ্চলে ৬১টি সেতু প্রতিস্থাপন ও নির্মাণ করা হবে। মাতৃসেবা, শিশুস্বাস্থ্য (এমএনসিএইচ) এবং স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের ১ হাজার ৩৯৭ কোটি টাকার মধ্যে জাপানের ঋণ ৮১ শতাংশ বা ১ হাজার ১৩৮ কোটি টাকা।
এ ছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া হয়েছে সরাসরি বৈদেশিক বিনিয়োগ প্রমোশন প্রকল্প। এর ১ হাজার ৫১৬ কোটি টাকার মধ্যে জাপান দেবে ১ হাজার ২৯ কোটি টাকা। জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে এই প্রকল্পের আওতায়। উপজেলা সুশাসন ও উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ১১৮ কোটি টাকা। এর মধ্যে জাপানের ঋণ ৯৫৭ কোটি টাকা। উপজেলা ভবন নিরাপত্তা প্রকল্পের ৯১২ কোটি টাকার মধ্যে জাপান দেবে ৭৮৫ কোটি টাকা।