নামমাত্র সুদে তিন হাজার কোটি টাকা ঋণ দেবে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার প্রকল্পে নামমাত্র সুদে তিন হাজার কোটি টাকা ঋণ দেবে বলে জানিয়েছে জাপান। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত হারুমিত্সু হিদা এই ঋণ প্রদানের প্রস্তাব দিয়েছেন।গতকাল রোববার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে জাপানের রাষ্ট্রদূত এ প্রস্তাব দেন। ইআরডির সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ‘ভালো কয়েকটি প্রকল্পে অর্থ দেবে জাপান, যা আমাদের খুবই কাজে লাগবে। এ ঋণের সুদের হার খুবই কম।’ আগামী তিন মাসের মধ্যেই ঋণের অর্থ আসবে বলে আশা করছেন তিনি।জানা গেছে, বিশ্বব্যাংক বাংলাদেশকে শূন্য ৭৫ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকলেও চার প্রকল্পে জাপান ঋণ দিতে চেয়েছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ সুদে। ঋণ পরিশোধও করতে হবে দীর্ঘ মেয়াদে অর্থাত্ ৪০ বছরের মধ্যে।ইআরডি সূত্র জানায়, প্রকল্পগুলোর মধ্যে সাউথ ওয়েস্টার্স বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্টে এক হাজার ১০০ কোটি ৮০ লাখ টাকা; রুরাল ইলেকট্রিফিকেশন আপগ্রেডেশনে এক হাজার ২৩ কোটি ১০ লাখ টাকা; চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে ৭০২ কোটি ৮০ লাখ টাকা এবং ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ডেভেলপমেন্ট প্রকল্পে ১৭০ কোটি ৬০ লাখ টাকা ঋণ দেবে জাপান।