নামসর্বস্ব শুল্কস্টেশনগুলো বিলুপ্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামেই শুল্কস্টেশন! পর্যাপ্ত জনবল ও অবকাঠামো নেই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করতে হয় আমদানিকারকের অফিসে বসে। বিদ্যুতের সংযোগও নেই। প্রায় কোনো শুল্ক স্টেশনেই যাওয়ার রাস্তা নেই। অনেক স্টেশনে দু-তিন মাস পরপর একটি পণ্যের চালান আসে।এভাবেই চলছে দেশের সীমান্তজুড়ে থাকা শুল্কস্টেশনগুলো। এর বেশির ভাগই কার্যত অপ্রয়োজনীয় হয়ে গেছে। তার পরও পরিচালনা করতে হয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।এবার এসব অপ্রয়োজনীয় ও অকার্যকর শুল্কস্টেশনগুলো বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর প্রয়োজনীয় শুল্কস্টেশনগুলোকে আরও অবকাঠামোগত সুবিধা বাড়িয়ে এবং জনবল নিয়োগ করে কার্যকর করা হবে।শুল্কস্টেশনগুলোর হালহকিকত জানতে গঠিত বিশেষ কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন এনবিআরে জমা দিয়েছে। রাজশাহীর কাস্টমস কমিশনার লুৎফর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট এই বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।বেহাল অবস্থা: কমিটির প্রতিবেদনে শুল্কস্টেশনগুলো সম্পর্কে বিচিত্র সব তথ্য বেরিয়ে এসেছে। যেমন, ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার গোবরা কূড়া শুল্কস্টেশন। এক-দুই মাস পরপর পণ্যের চালান আসে এখানে। কাঠামো অনুযায়ী ছয়জন কর্মকর্তা থাকার কথা থাকলেও রয়েছে মাত্র একজন সহরাজস্ব কর্মকর্তা ও একজন সেপাই। আমদানিকারকের কার্যালয়েই তাঁদের বসবাস করতে হয়; আবার অফিসও করতে হয়। কোন বিদ্যুতের সংযোগ নেই। একই রকম করুণ অবস্থা হালুয়াঘাটের কড়ুইতলা শুল্কস্টেশনেরও।আবার এমন দুর্গম এলাকায় শুল্কস্টেশন স্থাপন করা হয়েছে যে এর কোনো কার্যকারিতাই নেই। এমন একটি শুল্কস্টেশন হলো নেত্রকোনার দুর্গাপুর এলাকার বিজয়পুর শুল্কস্টেশন। এটি শুল্কস্টেশন হলেও এর কোনো অবকাঠামো নেই। এখানে যাওয়ার কোনো রাস্তা নেই। দুর্গাপুরের সোমেশ্বরী নদী পেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছয় কিলোমিটার যেতে হয়। আর দুর্গাপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ৩৫ কিলোমিটার। এই রাস্তাটি পণ্যবাহী ট্রাক চলাচলের সম্পূর্ণ অনপুযোগী।অনেক ক্ষেত্রেই আমদানিকারকেরা সংশ্লিষ্ট শুল্ক কর্মকর্তাদের খবর দিলে নির্ধারিত দিনে গিয়ে তাঁরা শুল্কায়নপ্রক্রিয়া সম্পন্ন করে আসেন।এনবিআর গঠিত বিশেষ কমিটির আহ্বায়ক কমিশনার লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুল্কস্টেশনগুলো কমিয়ে তাতে জনবল, অবকাঠামোসহ অন্যান্য সুবিধা দিতে চাই, যাতে আমদানি-রপ্তানিকারকেরা সহজেই পণ্য আনা-নেওয়া করতে পারেন।’ তিনি জানান, মূলত ২৪টি শুল্কস্টেশন দিয়েই স্থলপথে নিয়মিতভাবে আমদানি-রপ্তানির কার্যক্রম পরিচালিত হয়।তিনি আরও বলেন, ‘কারও ভাড়াবাড়িতে অফিস করলে তাঁর প্রতি দুর্বলতা থাকতেই পারে। আমরা চাই, শুল্কস্টেশনগুলোর জন্য নিজস্ব ভবন হোক। আর নতুন শুল্কস্টেশন নির্মাণের সময় আরও যাচাই-বাছাইয়ের সুপারিশও করা হয়েছে।’এনবিআর সূত্রে জানা গেছে, বিলুপ্তির তালিকায় থাকা শুল্কস্টেশনগুলোর মধ্যে অন্যতম হলো: ডোরা বাজার, পাকশী, আশুগঞ্জ, বরিশাল, চরমুগরিয়া, গোয়ালন্দ, ফরিদপুর, যশোর, শংকর, শিবগঞ্জ, নিদপুর, প্রেমতলী, ধামরহাট, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, সান্তাহার, দিনাজপুর, চিলমারী, নেকমর্দ, নুনখাওয়া, নীলফামারী, মোগরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, চিলাহাটী, টেগামুখ, রামগড়, উখিয়া ঘাট, চৌমুহনী, শুভপুর, বেলোনীয়া, কুমারঘাট, লাতু, ফেঞ্চুগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেট, সরিষাবাড়ী, ভৈরব, ময়মনসিংহ, ঢাকা, মীরকাদিম, মুন্সীগঞ্জ, লৌহজং, আরিচাঘাট, রংপুর, আনমুরা রেলস্টেশন ও শ্রীপুর।এসব শুল্ক স্টেশনের অধিকাংশই স্থাপনের উদ্দেশ্য ছিল কলকাতা থেকে নৌপথে কিংবা রেলে পণ্য আমদানি-রপ্তানিকালে শুল্কায়নের কার্যক্রম পরিচালনা করা। কিন্তু পাকিস্তান আমলে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এসব শুল্কস্টেশন কার্যকারিতা হারায়। রেললাইন বা স্টিমার রুটে কোনো ধরনের পণ্যের আমদানি-রপ্তানি হয়নি বললেই চলে। এত দিন ধরেই এসব শুল্কস্টেশন অকার্যকর রয়েছে।২৪টি শুল্কস্টেশন কার্যকর: বর্তমানে ১৮১টি শুল্কস্টেশন রয়েছে। এর মধ্যে মাত্র ২৪টি শুল্কস্টেশন মোটামুটিভাবে কার্যকর রয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।এসব শুল্কস্টেশনের মধ্যে বেনাপোল, সোনামসজিদ, হিলি, বুড়িমারী, ভোমরা, আখাউড়া, তামাবিল, বড়ছড়া, টেকনাফ, বাংলাবান্ধা, দর্শনা, বিরল ও বিবির বাজার অন্যতম।অব্যবহূত থাকা, জনবলের অভাব এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে ২০০৭ সালের এপ্রিল মাসে ৪৯টি শুল্কস্টেশন অকার্যকর ঘোষণা করা হয়। পরে রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের চাপে বেশ কিছু শুল্কস্টেশন আবার কার্যকর করা হয়।জানা গেছে, প্রথমে বিলুপ্ত করার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে নতুন শুল্ক স্টেশনে পরিণত করতে প্রশাসনিক জটিলতার কারণে এসব শুল্কস্টেশন অকার্যকর করা হয়।সুপারিশ: এনবিআর বিশেষ কমিটির সুপারিশগুলোর অন্যতম হলো: ভৌগোলিক বা অন্য কারণে শুল্ক স্টেশনের গুরুত্ব হ্রাস পেলে তা অকার্যকর রাখা এবং এক বছর পর বিলুপ্ত করা; ন্যূনতম অবকাঠামো, জনবল নিশ্চিত না করে নতুন শুল্কস্টেশন চালু না করা; ৫০ কিলোমিটারের মধ্যে দুটি শুল্কস্টেশন না রাখা; দুই কিলোমিটারের মধ্যে সীমান্ত ফাঁড়ি, থানা বা ফাঁড়ি থাকা; প্রস্তাবিত নতুন শুল্কস্টেশন থেকে নিকটবর্তী শহরের মধ্যে কমপক্ষে ৩০ ফুট প্রশস্ত রাস্তা থাকা; তফশিলি ব্যাংকের বুথ থাকা; ন্যূনতম দুজন রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ দেওয়া ইত্যাদি।