নামে প্রবীণ হাসপাতাল চিকিৎসা সবার জন্য
নামটি প্রবীণ হাসপাতাল। তবে সব বয়সীদের জন্যই রয়েছে চিকিৎসাব্যবস্থা। প্রায় সব রকমের চিকিৎসা সুবিধা পাওয়া যায় এখানে। কিন্তু রাজধানীর আগারগাঁওয়ের এই হাসপাতালটি একরকম ফাঁকাই পড়ে থাকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের কক্ষের সামনে রোগীরা লাইন ধরে বসে আছেন। তবে রোগীদের মধ্যে প্রবীণ কম। রাশেদা বেগম (৩৫) মিরপুর ১০ নম্বর থেকে এসেছেন। নিয়মিত আসেন। তিনি বলেন, এখানে অন্য জায়গার চেয়ে ভিড় কম, শান্তিতে ডাক্তার দেখানো যায়।
হাসপাতাল ভবনটির নিচে জরুরি বিভাগ। দোতলায় প্রশাসনিক ভবন ও ডাক্তারদের চেম্বার। তৃতীয় তলায় অন্তর্বিভাগ। ভর্তি রোগী আছেন আটজন। একটি ওয়ার্ড তালাবদ্ধ।
আবদুল হক তালতলা থেকে এসেছেন। কানের সমস্যায় ভুগছেন। প্রবীণদের জন্য তুলনামূলক সুবিধা বলে এখানে চিকিৎসা নেন।
মুক্তিযোদ্ধাদের জন্য শয্যার কথা লেখা আছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুরুষ ও নারী মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা দুটি শয্যা বরাদ্দ আছে।
প্রবীণ হাসপাতালেরই একজন প্রবীণ চিকিৎসক ও প্রবীণ হিতৈষী সংঘের সদস্য শেখ লুৎফর রহমান ৪০ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। বার্ধক্যজনিত রোগের চিকিৎসা দিয়ে থাকেন। প্রতিদিন প্রায় ১৫ জন রোগী দেখেন।
লুৎফর রহমান জানান, ‘প্রবীণদের কল্যাণের জন্য এই প্রতিষ্ঠান অনেক পুরোনো একটি সংঘ। পুরোনো হলেও এটি সেভাবে এগোতে পারেনি। শুরুতে রোগী কম ছিল বলে সব বয়সীদের চিকিৎসা দেওয়া চালু হয়েছিল। দেশে প্রবীণ বাড়ছে, হাসপাতালটি এখন শুধু প্রবীণদের জন্যই হওয়া উচিত। অন্য বিশেষায়িত হাসপাতালগুলোর মতো এখানে জেরিয়াট্রিক ইনস্টিটিউট গড়ে তোলা এবং এর প্রচার বাড়ানো উচিত বলে তিনি জানান।
প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে প্রবীণ হাসপাতাল। এটি আধা সরকারি হাসপাতাল। ৫০ শয্যার এ হাসপাতালে ২২ জন চিকিৎসক ও ছয়জন নার্স রয়েছেন। এখানে অস্ত্রোপচারও করা হয়।
প্রবীণ হিতৈষী সংঘের সমাজকল্যাণ কর্মকর্তা আবদুর রহমান বলেন, এখানে রোগী কমই ভর্তি হয়। গড়ে নয় থেকে দশজনের মতো রোগী থাকে। প্রবীণ ছাড়াও সব বয়সীদের জন্যই চিকিৎসাব্যবস্থা রয়েছে। বয়স ৫৫ বছর হলে এখানে প্রবীণ ধরা হয়। তাঁদের জন্য বহির্বিভাগে ফি ১৫ টাকা। সাধারণের জন্য ফি ৪০ টাকা। এ ছাড়া প্রবীণেরা প্রবীণ সংঘের আজীবন সদস্যপদ গ্রহণ করলে চিকিৎসার খরচ অর্ধেক করে দেওয়া হয়। তিনি বলেন, এখানে ভালোমানের ডাক্তার কম। সরকার যা বেতন দেয়, তাতে কেউ থাকতে চান না।
এই হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন প্রায় ১৫০ জন রোগী আসে। কিন্তু প্রবীণদের চেয়ে নবীনদের সংখ্যাই বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় এখানে বিকেল থেকে অন্যান্য হাসপাতালের চিকিৎসকেরা এসে ব্যক্তিগতভাবেও রোগী দেখে থাকেন।
এ কে এম ওয়াহেদ ধানমন্ডিতে ১৯৬০ সালে প্রবীণ হিতৈষী সংঘ প্রতিষ্ঠা করেন। পরে প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আগারগাঁওয়ে চলে আসে। ১৯৯৮ সালে ৫০ শয্যার হাসপাতাল হয়। তবে শুরু থেকেই প্রবীণদের স্বাস্থ্যসেবা চালু ছিল। বর্তমানে এর অধীনে সারা দেশে প্রায় ৬০টি জেলা-উপজেলায় প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু আছে।