নারায়ণগঞ্জকে নতুন কর অঞ্চল ঘোষণা করলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিল্প ও বাণিজ্যের জন্য নারায়ণগঞ্জকে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন কর অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১ ঢাকার আয়োজনে করদাতা উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও মতবিনিময় সভা-২০১০-এ গতকাল রোববার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই ঘোষণা দেন। উল্লেখ্য, নারায়ণগঞ্জ এতদিন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-১ ঢাকার আওতাধীন ছিল। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এখানকার শিল্প ও বাণিজ্যের অগ্রযাত্রায় বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ অবকাঠামোর নিশ্চয়তার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। আগামী দুই বছরের মধ্যে সরকার বিদ্যুৎ-সংকট সমাধানে আন্তরিকভাবে সচেষ্ট উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। তবে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে জনপ্রতিনিধিদের পাশাপাশি রাজনৈতিক নেতৃত্বকে প্রধান ভূমিকা পালন করতে হবে। নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী ও সারাহ্ বেগম কবরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), নারায়ণগঞ্জ চেম্বার এবং নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অজয় কিশোর মোদক প্রমুখ। বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. সামছুর রহমান ও পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেনসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা প্রবীর কুমার সাহা, আবদুর রাশেদ রাশু, খবিরউদ্দিন মোল্লা, জয়নাল আবেদীন, জায়েদুল হক ও রতন সাহা পে-অর্ডারের মাধ্যমে অর্থমন্ত্রীর হাতে তাঁদের চলতি অর্থবছরের ব্যক্তিগত আয়কর তুলে দেন। সভায় অর্থমন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে ১৮টি কর অঞ্চল রয়েছে। ভোগান্তি রোধে ভবিষ্যতে আয়কর প্রদানের নতুন নিয়ম হচ্ছে। অনলাইনে কর দেওয়ার সুবিধা সৃষ্টি হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কর দিতে হবে এবং ওই দিনই পালিত হবে আয়কর দিবস। অর্থমন্ত্রী বলেন, কাগজে-কলমে দেশে ২৭ লাখ করদাতা থাকলেও কর দেন মাত্র ১০ লাখ। তিনি বলেন, যাঁরা নিয়মিত কর দেবেন, তাঁদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। যেসব এলাকায় বেশি কর আদায় হয়, ওই সব এলাকার আশানুরূপ উন্নয়ন করা হবে।