নারায়ণগঞ্জে হাউস বিল্ডিং ফাইন্যান্সের জোনাল অফিস উদ্বোধন
নারায়ণগঞ্জে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে গৃহায়ণ সমস্যা রোধের লক্ষ্যে সহজ শর্তে ও কম সুদে ঋণ দেওয়ার অঙ্গীকার নিয়ে গতকাল বুধবার এই অফিসের উদ্বোধন করা হয়।সংস্থার চেয়ারম্যান এম জানিবুল হক আনুষ্ঠানিকভাবে জোনাল অফিসটির উদ্বোধন করেন। এ উপলক্ষে নারায়ণগঞ্জ ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের নারায়ণগঞ্জ জোনাল অফিসের ম্যানেজার চান গোপাল ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম ও প্রশাসন মহাব্যবস্থাপক ফেরদৌসী বেগম।এম জানিবুল হক বলেন, গৃহঋণ দেওয়ার জন্য সরকার ইতিমধ্যে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বর্তমানে ঋণের এই পরিমাণ বাড়ানো এবং সুদের হার কমানোর চিন্তাও রয়েছে সরকারের।