নারায়ণগঞ্জের বিভিন্ন রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় উৎপাদিত পণ্যের স্তূপ জমে গেছে। টানা হরতালের কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজীকরণের (শিপমেন্ট) জন্য পাঠাতে না পেরে এই অবস্থা তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার পঞ্চবটিতে অবস্থিত বিসিক শিল্পনগরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, টানা হরতালের কারণে উৎপাদিত পণ্য রপ্তানির জন্য সময়মতো চট্টগ্রাম বন্দরে পাঠানো যাচ্ছে না। ফলে কারখানার গুদাম ছাড়াও ফ্লোরে, এমনকি সিঁড়িতে পণ্যের কার্টন স্তূপ করে রাখা হয়েছে।
আবার শিল্পের সুতা, কেমিক্যাল, ডাইসসহ যেসব কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়, সেগুলোও চট্টগ্রাম বন্দর থেকে কারখানায় আনা যাচ্ছে না।
বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিক সমিতির (বিকেএমইএ) সহসভাপতি এ এইচ এম আসলাম সানি জানান, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও ও রূপগঞ্জের বিভিন্ন কারখানায় প্রতিদিন গড়ে দেড় কোটি পিস পণ্য উৎপাদিত হচ্ছে। দুই দফা টানা হরতালের কারণে সময়মতো উৎপাদিত পণ্য বন্দরে পাঠাতে না পারায় প্রায় প্রতিটি কারখানায় তা স্তূপ করে রাখা হয়েছে। তাঁর নিজের কারখানাতেই ৫০ লাখ পিস উৎপাদিত পণ্যের স্তূপ জমে রয়েছে।
আসলাম সানি অভিযোগ করে বলেন, রাজনৈতিক দলগুলো পোশাকশিল্পকে হরতালের আওতামুক্ত রাখলেও গত সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডে তাঁর নিজের কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের ২২ হাজার পিস টি-শার্ট বহনকারী একটি কাভার্ড ভ্যান পিকেটাররা আগুন ধরিয়ে দেয়। ছবিটি গতকাল প্রথম আলোতে ছাপা হয়েছে। এই কাভার্ড ভ্যানটিতে ৯৮ হাজার ডলারের পণ্য ছিল।
বিকেএমইএর সহসভাপতি বলেন, রানা প্লাজা ধসের পরে বাংলাদেশের গার্মেন্টসশিল্প এমনিতেই সংকটকাল অতিক্রম করছে। এখন হরতালের কারণে সময়মতো চট্টগ্রাম বন্দরে পণ্য জাহাজীকরণ ও আমদানি করা কাঁচামাল আনতে না পারায় এই শিল্পে সংকট আরও বাড়বে। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অনেক কারখানা মালিককে বাধ্য হয়ে কয়েক গুণ বেশি খরচে বিমানে পণ্য পাঠাতে হবে।