নারায়ণগঞ্জের হোসিয়ারি পণ্য যাচ্ছে বিদেশেও
শীতলক্ষ্যা নদীর তীরঘেঁষা নারায়ণগঞ্জ শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা হোসিয়ারি শিল্পের গেঞ্জি কিংবা অন্তর্বাস সারা দেশের মানুষ কম-বেশি ব্যবহার করে। সম্পূর্ণ দেশীয় উপকরণে তৈরি এই পোশাক দেশের কোটি কোটি মানুষের চাহিদা মেটাচ্ছে। এমনকি কিছু পণ্য রপ্তানি হচ্ছে দেশের বাইরেও। মূলত পঞ্চাশের দশকে নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় প্রথম হোসিয়ারি পণ্য উর্যাপাদন শুরু হয়। একসময় হোসিয়ারি পণ্য হিসেবে শুধু গেঞ্জি তৈরি হলেও সময়ের ব্যবধানে চাহিদা অনুযায়ী যুক্ত হয়েছে নতুন নতুন সামগ্রী। বর্তমানে হোসিয়ারি শিল্পে গেঞ্জি ও অন্তর্বাস ছাড়াও ট্রাউজার, টি-শার্ট, সোয়েটার, মাফলার, টুপি, মোজা, মশারির কাপড় ইত্যাদি তৈরি হচ্ছে। জনসংখ্যার সঙ্গে চাহিদা বাড়ায় বিপুলসংখ্যক ব্যবসায়ী হোসিয়ারি পণ্য উর্যাপাদনে যুক্ত হয়েছেন। কোনো ধরনের সরকারি সহায়তা ছাড়াই তাঁরা সর্ম্পূণ নিজ উদ্যোগে খাতটির প্রসার ঘটিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আরও অনেক ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে এই ব্যবসাকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জ শহরের বিরাট অংশে প্রাণচাঞ্চল্য থাকে প্রায় সারা বছর। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেশে উর্যাপাদিত হোসিয়ারির অনেক পণ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন। এ কারণে দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানিও করছে কিছু প্রতিষ্ঠান। বর্তমানে আরব আমিরাত, জার্মানি, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক, পোল্যান্ড, নরওয়ে, চীন, জাপান, ফ্রান্স, ইতালি, কোরিয়া, দুবাই, কাতার, আমেরিকাসহ বিভিন্ন দেশে বাংলাদেশি হোসিয়ারি পণ্য যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১১-১২ অর্থবছরের জুলাই-আগস্ট সময়কালে হোসিয়ারি পণ্য রপ্তানি করে আয় হয়েছে ১৩ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার। ২০১০-১১ অর্থবছরে এই আয় ছিল ৩৪ লাখ ৪০ হাজার ডলার। এর আগের বছর খাতটির রপ্তানি আয় ছিল ২৯ লাখ ৪৬ হাজার ডলার। আর ২০০৮-০৯ অর্থবছরে এই খাত থেকে রপ্তানি আয় হয় ৩৯ লাখ ৬৯ হাজার ডলার। উদ্যোক্তা ও ব্যবসায়ীরা জানান, সময়ের ব্যবধানে হোসিয়ারি শিল্পটি নারায়ণগঞ্জের নয়ামাটি থেকে উকিলপাড়া, দেওভোগ, সোহরাওয়ার্দী মার্কেট ও থানার পুকুরপাড়ে বিস্তৃত হয়। এরপর জেলার ফতুল্লা এলাকার পঞ্চবটীতে বিসিক শিল্পনগরে এর বিস্তার ঘটে। এ ছাড়া ডেমরা, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় হোসিয়ারি পণ্য তৈরির কারখানা গড়ে ওঠেছে।বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের তথ্যমতে, নারায়ণগঞ্জসহ সারা দেশে অ্যাসোসিয়েশনের প্রায় তিন হাজার নিবন্ধিত হোসিয়ারি পণ্য উর্যাপাদনকারী ব্যবসাপ্রতিষ্ঠান আছে। অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে দুই শতাধিক। এসবের বেশির ভাগই নারায়ণগঞ্জকেন্দ্রিক। শিল্পটির বিভিন্ন পর্যায়ে লক্ষাধিক মানুষ জড়িত।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি, উকিলপাড়া ও দেওভোগ এলাকায় শত শত হোসিয়ারি পণ্য উর্যাপাদনকারী ও বিপণন প্রতিষ্ঠান। একই সঙ্গে পাল্লা দিয়ে আছে হোসিয়ারি পণ্য তৈরিতে প্রয়োজনীয় সুতা, বোতাম, লেভেল, পলিব্যাগ, বাক্সসহ বিভিন্ন পণ্যের দোকান। আছে যন্ত্রপাতি মেরামতের জন্য ছোটখাটো কয়েকটি কারখানা। দীর্ঘদিন ধরে হোসিয়ারি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ী জানান, ১৯৭১-এর আগে শ খানেক ব্যবসাপ্রতিষ্ঠান ছিল নয়ামাটিতে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজকাররা এসব কারখানায় লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। স্বাধীনতার পর ক্ষতিগ্রস্ত অনেকে আবার নতুনভাবে শুরু করেন হোসিয়ারি ব্যবসা। কালক্রমে যুক্ত হন আরও অনেকে। ওই ব্যবসায়ীরা আরও জানান, একসময় হাতে তৈরি সুতা দিয়ে হোসিয়ারি পণ্য তৈরি হতো। এখন দেশের সুতার মিলগুলোই সুতার জোগান দিচ্ছে। তবে এখন তৈরি পোশাকশিল্পের (গার্মেন্টসের) অতিরিক্ত বা বাড়তি নিট ফেব্রিকসের জোগান চলে আসায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এতে পণ্যসামগ্রী কম দামে তৈরি করা সম্ভব হচ্ছে। জানা গেছে, হোসিয়ারির বড় কারখানাগুলো মূলত নিজেরাই নিজেদের ফেব্রিকস বা কাপড় তৈরি করে নেয়। তবে ছোট ও মাঝারি কারখানাগুলো কাপড়ের জন্য নির্ভর করে গার্মেন্টসর বাড়তি ফেব্রিকসের ওপর। এসব কাপড় প্রধানত নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট-সংলগ্ন এলাকার বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করা হয়। তবে গেঞ্জি তৈরিতে সবাইকেই বিভিন্ন ওজনের (পুরুত্ব অনুসারে) সুতার বুননের ওপর নির্ভর করতে হয়।নয়ামাটিতে হোসিয়ারি পণ্যসামগ্রী বিশেষ করে গেঞ্জি তৈরির অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অসীম টেক্সটাইল। ৬৫ বছর ধরে বিভিন্ন ধরনের গেঞ্জি তৈরি করে সারা দেশে সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। ২০ বছর আগেও দৈনিক ছয় হাজার পিস গেঞ্জি তৈরি করত তারা। এখন অবশ্য আরও অনেক প্রস্তুতকারক চলে আসায় এই পরিমাণ উর্যাপাদন হয় না। তবে চাহিদা অনুযায়ী দৈনিক ৫০০ থেকে ৬০০ পিস তৈরি করছে প্রতিষ্ঠানটি।সুতা তৈরি থেকে শুরু করে বুনন, কর্তন, সেলাই, ইস্ত্রি সম্পন্ন করে একটি গেঞ্জি তৈরিতে মাস দেড়েক সময় লাগে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী তাপস সাহা। তিনি বলেন, এখন গার্মেন্টস থেকে কাপড় আসায় সময় কম লাগছে। আর দামেও সস্তা। তবে মানের দিক দিয়ে এগুলো পিছিয়ে। তাপস আরও বলেন, ‘এ কারণে আদি হোসিয়ারি পণ্য উর্যাপাদকেরা মার খাচ্ছেন। দামের সঙ্গে প্রতিযোগিতায় না পেরে বাধ্য হয়ে অনেকেই লোকসান গুনছেন। অনেকে আবার টিকে থাকতে না পেরে অন্য ব্যবসায় চলে যাচ্ছেন।’ উকিলপাড়ার নিউ মায়া হোসিয়ারি ১৯৫৫ সাল থেকে ব্যবসা করছে। আগে সুতা কিনে কাপড় তৈরি করলেও এখন গার্মেন্টস থেকে কাপড় কিনেই গেঞ্জি তৈরি করছে তারা। চাহিদা অনুযায়ী দৈনিক এখন প্রায় ১০০ ডজন গেঞ্জি তৈরি করে মায়া হোসিয়ারি। এরপর বিভিন্ন নামে ও বিভিন্ন মোড়কে সারা দেশের পাইকারদের কাছে সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পরেশ চন্দ্র সাহা বলেন, আশপাশে অনেক গার্মেন্টস কারখানা হয়েছে। এ কারণে বর্তমানে শ্রমিক পাওয়া মুশকিল হয়ে পড়েছে। তাই চাহিদা থাকলেও অনেক সময় উর্যাপাদন করা সম্ভব হয় না। খোঁজ নিয়ে জানা যায়, শিল্পটির অস্তিত্ব রক্ষায় নারায়ণগঞ্জের হোসিয়ারি শিল্প ইউনিটকে কেন্দ্রীভূত করে পুনর্বাসন ও নতুন কারখানা স্থাপনে ১৯৮৫ সালে মনোটাইপ শিল্পনগর স্থাপনের পরিকল্পনা নেয় সরকার। পরে ১৯৯০ সালে বিসিক, শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঞ্চবটীর শাসনগাঁও এলাকায় ৫৮ দশমিক ৫২ একর জায়গার ওপর বিসিক হোসিয়ারি শিল্পনগর প্রতিষ্ঠা করা হয়। জমির মূল্য বাবদ অ্যাসোসিয়েশন দুই কোটি ৬৪ লাখ টাকা প্রদান করে।হোসিয়ারি শিল্পনগরের ৭১৪টি ইউনিটের মধ্যে পাঁচ কাঠার ১৮৬টি বড় প্লট এবং তিন কাঠার ৫২৮টি ছোট প্লট। তবে অভিযোগ আছে, শিল্পনগরের প্লটগুলো হোসিয়ারি মালিকদের মধ্যে বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কোনো ধরনের ঋণ-সহায়তার উদ্যোগ নেওয়া হয়নি। এতে ব্যবসায়ীদের একটা অংশ অর্থাভাবে সেখানে কারখানা স্থাপন করতে পারেনি। তাই অনেকেই বরাদ্দ পাওয়া প্লট বিক্রি করে দিতে বাধ্য হন। আর সেসব প্লটেই কালক্রমে গড়ে উঠেছে রপ্তানিমুখী নিটপোশাকের ছোট-বড় বিভিন্ন কারখানা। বাস্তবে এখানে ক্ষুদ্র হোসিয়ারি শিল্পের অস্তিত্ব নেই বললেই চলে। এক ব্যবসায়ী বলেন, ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত সরকার সুলভ মূল্যে ব্যবসায়ীদের সুতা বরাদ্দ দিয়েছে। বর্তমানে সুতার দাম বেড়ে যাওয়ায় সরকারের প্রতি আবার এ ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সচিব সবদার সরকার ৩৫ বছর ধরে এ শিল্পের সঙ্গে কাজ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, হোসিয়ারি শিল্পের যন্ত্রপাতি সবই আমদানি করতে হয়। এ ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেওয়া প্রয়োজন। শুল্কমুক্ত বা শুল্ক ছাড়ের সুবিধা পেলে ব্যবসায়ীরা সহজেই উন্নত যন্ত্রপাতি আমদানি করতে পারবেন। এতে স্বাভাবিকভাবেই উর্যাপাদন বাড়বে। সবদার সরকার আরও বলেন, ১৯৮৮ সালে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় ব্যাংকগুলোর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেয়। এরপর আর কোনো সহায়তার উদ্যোগ নেয়নি সরকার। তবে এ খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ঋণপ্রক্রিয়া সহজ করা প্রয়োজন। এতে হোসিয়ারি শিল্প দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেন]