
বাংলাদেশে কার্যক্রম শুরুর ১১০ বছর পূর্ণ করেছে বিদেশি মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড (সংক্ষেপে স্ট্যানচার্ট) ব্যাংক। এ উপলক্ষে নারী উদ্যোক্তাদের জন্য ‘অর্জন’ নামে জামানতবিহীন ঋণ প্রকল্পটি পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।
রাজধানীর গুলশানে ব্যাংকটির বাংলাদেশের প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন, ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার ও হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মান্দলই।
উদ্বোধনী দিনে ‘অর্জনের’ আওতায় দুজন নারী উদ্যোক্তার হাতে মোট ১ কোটি ৪০ লাখ টাকার ঋণের অর্থ হস্তান্তর করা হয়। এর মধ্যে পেট্টো প্রোডাক্টস নামের এক কোম্পানির স্বত্বাধিকারী ফউজিয়া খানকে এক কোটি ও আনন্দ রেস্তোরাঁর স্বত্বাধিকারী রোকসানা হুসেইনকে ৪০ লাখ টাকা ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে ফউজিয়া খান অনুপস্থিত ছিলেন।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে কার্যক্রম শুরু করে ১৯৪৮ সালে। এরপর ২০০০ সালের আগস্টে এসে এটি তৎকালীন গ্রিন্ডলেজ ব্যাংকটিকে পরিপূর্ণভাবে অধিগ্রহণ করে নেয়। যে গ্রিন্ডলেজ ব্যাংকটি ১৯০৫ সালে তৎকালীন পূর্ব বাংলায় কার্যক্রম শুরু করেছিল। সেই হিসেবে, গ্রিন্ডলেজ ব্যাংকের ইতিহাস যুক্ত হয়ে যায় স্ট্যানচার্ট ব্যাংকের সঙ্গে।
প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, এটি বিদেশি ব্যাংক হয়েও নানা কার্যক্রমের মাধ্যমে স্বদেশি ব্যাংক হয়ে গেছে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও নারী উদ্যোক্তা ঋণ বিতরণের ক্ষেত্রে অনেক ব্যাংকের চেয়ে এগিয়ে গেছে। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রথম লেটার অব ক্রেডিট বা এলসি সুবিধাটি চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ইন্টারনেট ব্যাংকিং, প্রকল্প ঋণ সুবিধাও এ দেশে প্রথম চালু করে বিদেশি এ ব্যাংকটি। এমনকি বাংলাদেশের প্রথম এটিএম সেবাও এ ব্যাংক চালু করেছে।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশে যুক্তরাজ্যের শতাধিক প্রতিষ্ঠান বেশ সুনামের সঙ্গে ব্যবসা করছে।
আবরার এ আনোয়ার বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পথেও নানাভাবে ভূমিকা রাখছে এ ব্যাংক। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও বিশ্বদরবারে বাংলাদেশের ইতিবাচক সম্ভাবনাকে তুলে ধরতে কাজ করছে। তিনি জানান, বাংলাদেশে বিদ্যুৎ খাতে যে বিনিয়োগ রয়েছে, তার প্রায় ৩০ শতাংশ অর্থের জোগান দিয়েছে স্ট্যানচার্ট। এ ছাড়া ১১০ বছরের পথচলায় ব্যাংকের নানা অর্জন ও অবদানের কথা তুলে ধরেন তিনি।