আর্থিক খাতকে অন্তর্ভুক্তিমূলক করে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সম্প্রসারণের বিকল্প নেই। এ জন্য দেশে নারী উদ্যোক্তা তৈরি এবং তাঁদের বিনিয়োগের সুযোগ করে দিতে হবে।
‘এসএমই খাতে অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক ও নীতিনির্ধারকদের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা বাংলাদেশ ইন্সপায়ার্ড।
অনুষ্ঠানে আতিউর রহমান জানান, সম্প্রতি গাভি পালনের জন্য ২০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন কর্মসূচি অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় নারী উদ্যোক্তারা ১০ শতাংশের কম সুদে ঋণ পাবেন।
গভর্নর বলেন, শিগগির ফেসবুক ও টুইটারে বিভিন্ন ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট বা আর্থিক সেবা ও পণ্যসমূহ তুলে ধরা হবে। এর ফলে কোন কোন ব্যাংক কী কী নতুন আর্থিক পণ্যসেবা আনল এবং সুদের হারই বা কত, এসব তথ্য জানতে পারবেন আগ্রহী উদ্যোক্তারা।
আতিউর রহমান বলেন, এখন সমাজের প্রান্তিক শ্রেণির মানুষের জন্য অর্থায়ন সুবিধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষুদ্র অর্থায়নের নামে প্রতিবছর একটি ব্যাংক শাখাকে কমপক্ষে তিনজন নারী উদ্যোক্তাকে ঋণ দিতে হবে। এতে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি হবে।
মোবাইল ব্যাংকিং সম্প্রসারণের কথা উল্লেখ করে গভর্নর জানান, এ পর্যন্ত ২ কোটি ৬০ লাখ মোবাইল ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এসএমই উদ্যোক্তারা যাতে সহজেই ঋণসহ অন্যান্য সুবিধা পান, সেদিকে নজর দেওয়ার পরামর্শ দেন অতিরিক্ত শিল্পসচিব ফরহাদ উদ্দিন।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদের মতে, এসএমই উদ্যোক্তা তৈরি করতে সরকারের নীতি-সহায়তা দরকার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্সপায়ার্ডের কর্মকর্তা সৈয়দ তারেক কামাল। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির (বিবিটিএ) ভারপ্রাপ্ত মহাপরিচালক গোলাম মোস্তফা, বাংলাদেশ ইন্সপায়ার্ডের দলনেতা আলী সাবেত প্রমুখ।