হরতাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের নারী উদ্যোক্তারা। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে হরতাল প্রতিহত করার কথাও বলেছেন কোনো কোনো উদ্যোক্তা।বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নারী উদ্যোক্তাদের নিয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় এমন অভিমত প্রকাশ করেছেন উদ্যোক্তারা। ফেডারেশন ভবনে গতকাল সোমবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী।একটি বেসরকারি হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী বলেন, ‘এখানে যাঁরা উপস্থিত আছেন, তাঁদের প্রত্যেকেই হরতালে ক্ষতিগ্রস্ত। আমরা কি হরতাল ঠেকাব, নাকি ব্যবসা সামলাব।’পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম বলেন, ‘আমি আলু রপ্তানি করেছি। বিদেশি ক্রেতা আমাকে পুরো টাকা দিচ্ছে না। কারণ, কিছু আলু পচে গিয়েছিল। হরতালে সময়মতো পণ্য জাহাজীকরণ করতে পারিনি।’এফবিসিসিআইয়ের পরিচালক কোহিনূর ইসলাম বলেন, ‘হরতাল রাজনৈতিক বিষয়। রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিলেই হরতাল হবে না।’হরতালে ক্ষতির প্রসঙ্গ তুলে নারী উদ্যোক্তা গুলশান নাসরিন আরা বলেন, ‘আসুন, আমরা তাদেরই ভোট দিই, যারা আমাদের কথা শোনে, আমাদের উপকারে আসে।’এ সময় কয়েকজন নারী উদ্যোক্তা রাস্তায় নেমে হরতালের প্রতিবাদ করার প্রস্তাব করেন। উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি রেহানা রহমান বলেন, ‘প্রতিটি সরকারই বাজেটে নারীদের জন্য বরাদ্দ রাখে। কিন্তু তা আমরা শুধু শুনি, বাস্তবে তা পাই না।’হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রসঙ্গে রেহানা রহমান বলেন, ‘এই ১৩ দফা নারীদের জন্য হুমকি। এগুলো মানলে দেশ পিছিয়ে যাবে।’