নারী উদ্যোক্তাদের জন্য অন্তত দরজাটা 'খোলা' গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রোকিয়া আফজাল
রোকিয়া আফজাল
বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্সের সভাপতি ও মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান। এ ছাড়া তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, সামাজিক সমস্যা, সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন।

প্রথম আলো: শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে উন্নয়ন হলেও উদ্যোক্তা হিসেবে নারীরা পিছিয়ে কেন?

রোকিয়া আফজাল রহমান: ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশার মতো বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে ঋণ পেয়ে সারা দেশে অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। দেশে এমন প্রায় দুই কোটি নারী উদ্যোক্তা আছেন। তবে ছোট ব্যবসায়, বিশেষ করে গ্রামের নারীদের এসএমই ঋণ দেওয়ার দিকে বেশি জোর দিতে হবে। এতে বেশি ফল (টার্ন অ্যারাউন্ড) পাওয়া যাবে, সমাজে পরিবর্তন আসবে। নারীরা আয় করলে সংসারে আস্থা আসে। তবে বড় ব্যবসায় হাতে গোনা কয়েকজন নারী আছেন।
একজন নারীকে কোটি কোটি টাকা না দিয়ে, সেই টাকা অনেক নারীকে দিলে বেশি উপকার হবে। যেমন এক-দুজনকে ডাক্তার না বানিয়ে সর্বজনীনভাবে নারী শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অনেক নারী শিক্ষিত হয়েছে। তেমনি, ওপরের দিকের চেয়ে নিচের দিকে বিস্তৃতভাবে নারী উদ্যোক্তা তৈরি করতে হবে।
প্রথম আলো: নারীদের ব্যবসা করার সুযোগ করে দিতে কী ধরনের নীতি নেওয়া উচিত?
রোকিয়া আফজাল রহমান: সরকার ১০ শতাংশ সুদে নারীদের ঋণ দিচ্ছে। এর পাশাপাশি যদি মেয়েদের জন্য গ্রামগঞ্জে দোকান বরাদ্দের ব্যবস্থা করা যায়, তাহলে তারা ব্যবসা-বাণিজ্যে আসতে পারবে। শহরের নারীরা বিভিন্ন পণ্যের দোকান দিয়ে ভালো ব্যবসা করছে। গ্রামগঞ্জেও নারীদের এমন ব্যবসায় আনা যায়, সেখানে তারা ঘরে বানানো ‘নাড়ু-মুড়ি’, গৃহস্থালির নানা পণ্য বিক্রি করতে পারবে। এ ধরনের উদ্যোগ নারীদের ‘চোখ’ খুলে দিতে পারে। গ্রামের নারীদের জন্য বিনিয়োগ করতে হবে। এতে সারা বাংলাদেশ উঠে আসবে। যারা অতি ক্ষুদ্র ব্যবসায় আছে, তাদের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আনতে হবে।
এ ছাড়া বড় নারী ব্যবসায়ী তৈরি করতে অর্থনৈতিক অঞ্চলগুলোয় প্লট বরাদ্দ রাখা যেতে পারে।
প্রথম আলো: পণ্য রপ্তানি প্রক্রিয়ায় কীভাবে নারীদের সম্পৃক্ত করা যেতে পারে?
রোকিয়া আফজাল রহমান: রপ্তানির বাজার অসীম। এ রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের নারীদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মাগুরা জেলার কাজুরী গ্রামের মেয়েদের তৈরি কাঁথা এখন যুক্তরাজ্য, ইতালি, সুইজারল্যান্ডের বাজারে বিক্রি হচ্ছে। আবার বাঁশের তৈরি ঝুড়ি ক্রিসমাস পণ্যের উপহার প্যাকেটজাতকরণে ব্যবহৃত হচ্ছে। এসব পণ্য সাধারণত নারীরাই তৈরি করে। তাই সরকারের উচিত, এ ধরনের পণ্য আরেকটু সংগঠিত উপায়ে তৈরি করে তা রপ্তানির বাজার ধরিয়ে দেওয়া।
নারী উদ্যোক্তারা রপ্তানির ক্ষেত্রে সুবিধা পান না। বিভিন্ন দেশে অনুষ্ঠিত পণ্যমেলায় বাংলাদেশের নারী উদ্যোক্তারাও অংশ নেন। ভারত ও পাকিস্তানের নারী উদ্যোক্তারা নিজ নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিনা মূল্যে বিমান টিকিট পান। ওই সব মেলায় স্টল নিতেও তাঁদের পয়সা খরচ করতে হয় না। কিন্তু বাংলাদেশের নারী উদ্যোক্তারা এ ধরনের সুবিধা পান না। যদি এ ধরনের সুবিধা দেওয়া যায়, তবে নারীদের বৈচিত্র্যময় পণ্য বিদেশে প্রদর্শিত হতো।
প্রথম আলো: বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চপদে নারীদের কম দেখা যায় কেন?
রোকিয়া আফজাল রহমান: এটি নিয়োগকর্তার দৃষ্টির প্রভাব। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই এমন অবস্থা। বাংলাদেশে মেয়েদের উচ্চপদে মেনে নেওয়া হয় না—দৃষ্টিভঙ্গিটাই এমন। তৈরি পোশাক খাতের কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ভালো ব্যবহার পান না। এসব কারখানায় সুপারভাইজার কিংবা নিম্ন-মধ্যম পর্যায়ে নারীদের নিয়োগ দেওয়া যেত, তাহলে কর্মীরা ভালো ব্যবহার পেত।
প্রথম আলো: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পরিবার পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরির দৃষ্টান্ত। বাংলাদেশ কোথায় আছে?
রোকিয়া আফজাল রহমান: সামাজিক কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মেয়েরা এগিয়ে আছে। মাতৃপ্রধান পরিবারব্যবস্থায় বহুকাল আগে থেকেই মেয়েরা বাজারে যেত, ব্যবসা করত। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিও বদলে যাচ্ছে। পোশাক খাতে লাখ লাখ মেয়ে কাজ করছে। রাস্তার পাশে চায়ের দোকান দিয়েও ব্যবসা করছে তারা। প্রত্যন্ত গ্রামের নারীরা নিজেদের বাড়িতেই হাঁস-মুরগি ও গরু-ছাগল লালনপালন করছে। শাক-সবজির চাষ করে বাড়তি আয় করছে। আগে যারা না খেয়ে মরত, তারা এখন কাজ করছে। আমি বলব, বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য অন্তত দরজাটা ‘খোলা’ গেছে। এটি বিরাট অর্জন। এখন নারীদের আরও বেশি করে কাজের সুযোগ করে দিতে হবে।
প্রথম আলো: নারী উদ্যোক্তাদের জন্য টাকার সংস্থান কীভাবে হবে?
রোকিয়া আফজাল রহমান: আর্থিক খাতে নারী উদ্যোক্তারা এখন ২৪ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পেতে পারেন। মাইডাস থেকে এ পর্যন্ত ১২ হাজার নারীকে ঋণ দেওয়া হয়েছে। তাঁদের কেউ খেলাপি হননি। কেউ কেউ দশবার পর্যন্ত ঋণ নিয়েছেন। সব মিলিয়ে নারী উদ্যোক্তারা ঋণ নিয়ে সময়মতো তা ফেরত দেন। তবে বড় উদ্যোক্তাদের মূল সমস্যা হলো জমি। জমির দাম অনেক বেশি। এখানে কাজ করতে হবে।
অন্যদিকে অতি দরিদ্র নারীদের অর্থায়নের সুযোগ করে দিতে হবে। এতে তাঁরা আয়ের পথ খুঁজে বের করতে পারবেন। এসব নারীর দৈনিক আয় এক ডলারের কম। এটা ৮৫ সেন্ট হতে পারে। তাঁদের ক্ষুদ্রঋণ দিয়ে আয়বর্ধক কাজের সুযোগ করে দিলে জীবনমানের উন্নতি হবে। ব্র্যাক চরাঞ্চলের অতিদরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ দিয়েছে। ব্র্যাকের এই মডেলটি বিশ্বব্যাংক, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১১টি দেশে বাস্তবায়ন করছে। এটা আমাদের জন্য বিশাল সাফল্য।
প্রথম আলো: নারীর গৃহস্থালির কাজের মূল্যমান নির্ধারণ হয় না। আপনি কীভাবে দেখেন পুরো বিষয়টি?
রোকিয়া আফজাল রহমান: এটা একদমই হয় না। সংসারের প্রায় সব কাজ করলেও স্বামীরা বলেন, স্ত্রী কিছুই করছে না। নারীর গৃহস্থালির কাজের স্বীকৃতি দেওয়া উচিত। শুধু কৃষি খাতেই নারীরা ১৭টি পর্যায়ে কাজ করছে। অথচ এ খাতে শুধু পুরুষের কাজকেই বিবেচনা করা হয়।
সাক্ষাৎকারটি নিয়েছেন জাহাঙ্গীর শাহ