উইমেনস বিজনেস ফোরাম সিলেটে নারী উদ্যোক্তাদের জন্য ‘মুঠোফোন ভিত্তিক ই-কমার্স ও তথ্য যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। বাংলালিংক, ইউক্যাশ ও এশিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট চেম্বার ভবনের সম্মেলন কক্ষে গত মঙ্গলবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি সম্পর্কে সঠিক ধারণা না থাকলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। সে জন্য নারী উদ্যোক্তাদের সফলতা অর্জনে ব্যবসায়িক জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান থাকাও প্রয়োজন। তাহলে তাঁরা প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ঘরে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমেও উপার্জন করতে পারবেন। কর্মশালায় উইমেনস বিজনেস ফোরাম সিলেটের সভাপতি স্বর্ণলতা রায় সভাপতিত্ব করেন। এতে সিলেট চেম্বারের সাবেক পরিচালক লায়েছ উদ্দিন, ইডেন গার্ডেন কলেজের পরিচালক সামিয়া বেগম চৌধুরী বক্তব্য দেন। স্বর্ণলতা রায় বলেন, নারীদের নিজস্ব প্রচেষ্টায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, সোচ্চার হতে হবে প্রাপ্য অধিকার আদায়ে।