২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট সামনে রেখে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও বিকাশ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সেলিমা আহমাদপ্রথম আলো: আগামী বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আপনারা কী সমর্থন বা সুবিধা প্রত্যাশা করেন?সেলিমা আহমাদ: এক কথায় বললে, আমরা নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার বরাদ্দ প্রত্যাশা করি। এবং এই বরাদ্দটা অবশ্যই বাজেটে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে। যদি নারী উন্নয়নের ভেতর অন্তর্ভুক্ত করে দেওয়া হয় ও উদ্যোক্তাদের কথা উল্লেখ না থাকে, তাহলে তা সহায়ক হবে না। কেননা, বৃহত্তর নারী উন্নয়নে নারীর সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দুস্থ-বয়স্ক ও বিধবা নারীর বরাদ্দ সবই থাকে। এগুলোর অবশ্যই প্রয়োজন আছে এবং এসব ক্ষেত্রেও বরাদ্দ বাড়াতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের বরাদ্দটিও সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হতে হবে। তাহলে তা যথাযথভাবে উদ্যোক্তা উন্নয়নে যাচ্ছে কি না, সেটি চিহ্নিত করা সহজ হবে।প্রথম আলো: নারী উদ্যোক্তাদের জন্য বাজেট বরাদ্দ দেওয়া হলে তা কীভাবে ব্যবহার করা হবে বলে মনে করেন?সেলিমা আহমাদ: এই বরাদ্দ একটি নয়, বরং কয়েকটি মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া প্রয়োজন। বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে তা বরাদ্দ দিতে হবে। এবং সেখান থেকে তা বিতরণ করতে হবে। এতে করে বরাদ্দকৃত অর্থের ব্যবহারের তদারকি সহজ হবে। কোনটা প্রশিক্ষণে গেল, কোনটা বাজারজাতকরণ সহায়তা হিসেবে গেল ইত্যাদি ব্যয় সহজেই চিহ্নিত করা যাবে। এতে করে অর্থ অপচয়ের সম্ভাবনা থাকবে না। আর অধিক সংখ্যক নারী উদ্যোক্তা উপকৃত হবে। উইমেন চেম্বারের পক্ষ থেকে আমরাও এ বিষয়ে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। মালয়েশিয়া, ভারত, পাকিস্তানের অভিজ্ঞতা আমরা এ ক্ষেত্রে কাজে লাগাতে পারি। প্রথম আলো: অর্থায়ন নারী উদ্যোক্তাদের জন্য একটা বড় বাধা। এ বাধা অপসারণে আপনারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুপারিশ করে আসছেন। এ ক্ষেত্রে অগ্রগতি কতটুকু হয়েছে?সেলিমা আহমাদ: স্বীকার করতেই হবে যে এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। ১০ বছর আগে নারী উদ্যোক্তাদের অর্থায়ন যত কঠিন ছিল, এখন অতটা কঠিন নেই। বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নারী উদ্যোক্তাদের বিষয়টি আগের চেয়ে অনেক ইতিবাচকভাবে বিবেচনা করছে। বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) পুনরায় অর্থায়ন-সুবিধার আওতায় ইতিমধ্যেই চার হাজারের বেশি নারী উদ্যোক্তা উপকৃত হয়েছেন। তবে এর পুরোটাই মূলত শহরকেন্দ্রিক। গ্রামের বা মফস্বলের নারী উদ্যোক্তাদের কাছে এই সুবিধা যায়নি। সেদিকে এই সুবিধা নিয়ে যেতে হবে। তৃণমূল পর্যায় থেকে নারী উদ্যোক্তাদের অর্থায়নসহ বিভিন্ন সুবিধা দিতে হবে। কেননা, গ্রামে অনেক নারীই এখন ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে স্বাবলম্বী হতে নিজস্ব ব্যবসা বা উদ্যোগ স্থাপনের চেষ্টা করছেন। এ জন্য তাদের ব্যাংক ঋণ সুবিধা দরকার।প্রথম আলো: নারী উদ্যোক্তাদের মাঝে ক্রমান্বয়ে বৈচিত্র্য আসছে বলেও লক্ষ করা যায়। এটাকে বিকশিত করতে হলে কী করণীয়?সেলিমা আহমাদ: আমি যখন মাঝে মাঝে গ্রামে যাই, তখন অনেক মহিলাই আমাকে বলে যে আপা, আর সেলাইয়ের কাজ করতে চাই না। অন্য কিছু করতে চাই। অর্থাৎ তারা এখন প্রথাগত সেলাই-ফোড়াই ও হস্তশিল্পজাত পণ্য প্রস্তুত করার বাইরে অন্য পণ্য প্রস্তুত করতে আগ্রহী। গ্রামে তো কৃষিভিত্তিক খামার ও অন্যান্য উপখাতে অনেক সুযোগ আছে। এমনকি অকৃষি খাতেও নারী উদ্যোক্তারা কাজ করতে পারেন। এ জন্য আসলে একটি নারী উদ্যোক্তা নীতিমালা প্রয়োজন, যার আওতায় ব্যাপক ভিত্তিতে নারী উদ্যোক্তাদের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ ও নীতি-সহায়তা দেওয়া হবে। কোন কোন খাতে কতজন নারী উদ্যোক্তাকে কীভাবে সমর্থন দেওয়া হবে, সে পরিকল্পনা করতে হবে। সে অনুসারে সরকারি-বেসরকারি অংশীদারি কাজ হতে পারে। হস্তশিল্পজাত পণ্য, বুটিক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি পর্যন্ত বিভিন্ন খাতে ছোট, মাঝারি ও বড় নারী উদ্যোক্তারা কাজ করতে পারেন।[সাক্ষাৎকার গ্রহণ: আসজাদুল কিবরিয়া]