নারী উদ্যোক্তাদের জন্য সরকারি উদ্যোগে বিপণনকেন্দ্র স্থাপন
দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ একটি বড় ধরনের সমস্যা। এ সমস্যা সমাধানে আজ বুধবার তৃণমূল নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য প্রথমবারের মতো সরকারি উদ্যোগে একটি স্বতন্ত্র বিপণনকেন্দ্র চালু করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজার দুটি ফ্লোরে বিপণনকেন্দ্রটি চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী সকাল ১০টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের উইন্টার গার্ডেন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন। মহিলাবিষয়ক অধিদপ্তরের ‘নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস (নাউউপ)’ নামক একটি কর্মসূচির আওতায় বিপণনকেন্দ্রটি স্থাপন করা হচ্ছে। ২০১৩ সালের জুন মাস পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে জানান, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করতে হয়। ফলে পূর্ণাঙ্গ সুফল পান না নারীরা। ফলে উদ্যোগগুলোও টেকসই হয় না। এসব নারীর জন্য উদ্যোক্তাবান্ধব অবকাঠামো বা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী আরও জানান, বিপণনকেন্দ্রের কার্যক্রম শুরুর জন্য অধিদপ্তরের নিজস্ব অর্থায়নে রাপা প্লাজার চতুর্থ ও পঞ্চমতলায় ২৪ হাজার বর্গফুট জায়গা ভাড়া করা হয়েছে। এখানে ১৬০ থেকে ১৮০টি দোকান করা হচ্ছে। গ্রামীণ মেলার আদলে করা হচ্ছে এসব দোকান। তিন বছরে কমপক্ষে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এ সময় অন্তত দুই হাজার বিভিন্ন শ্রেণীর নারী উদ্যোক্তা তৈরি হবে।মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা গেছে, সারা দেশে মহিলা অধিদপ্তরের নিবন্ধন করা সমিতির সদস্যরা এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকবেন। নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ার বিনিময়ে তাঁরা স্টল বরাদ্দ পাবেন। এককালীন অফেরতযোগ্য চাঁদা জমা দিয়ে বিপণনকেন্দ্রের সদস্য হবেন। এ কর্মসূচির সফলতার ওপর ভিত্তি করে পরবর্তী সময়ে বিভাগ, জেলা ও উপজেলায় বিপণনসুবিধা সম্প্রসারণ করা হবে।