নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।এসএমই কার্যক্রমকে ‘নারীবান্ধব’ উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, জেলা পর্যায়ে অবস্থিত বিসিক শিল্প-সহায়ক কেন্দ্রে ৬৪ ও বিভিন্ন বাণিজ্য সংস্থায় সাতটি এসএমই হেল্পলাইন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে নারীসহ সব এসএমই উদ্যোক্তাকে তথ্যসেবা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী আরও জানান, প্রতিটি ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র নারী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ডেস্ক স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পুনরায় অর্থায়ন স্কিমের সমুদয় অর্থের ন্যূনতম ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া নারীদের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত বন্ধকিবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সৃজনশীল নারী উদ্যোক্তাদের জন্য জাতীয় এসএমই নারী উদ্যোক্তা পুরস্কার চালু করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।