নারী উদ্যোক্তাদের থোক বরাদ্দ ব্যবহারে তদারকির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দটি সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারলে দেশের উন্নয়নে একটি মাইলফলক হবে। এ জন্য তদারকি করতে হবে। জবাবদিহি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়ন: জাতীয় বাজেট ২০১২-১৩’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।বাংলাদেশ উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডব্লিউসিসিআই) সেমিনারটির আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ডব্লিউসিসিআইয়ের সাবেক সভাপতি সেলিমা আহমাদ। তিনি ডব্লিউসিসিআইয়ের পক্ষে থোক বরাদ্দ থেকে বিভাগীয় শহরে নারী উদ্যোক্তাদের জন্য বাজার সম্প্রসারণ, তথ্যকেন্দ্র স্থাপন, জরিপ ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনসহ বেশ কিছু প্রস্তাব দেন।অর্থমন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দকৃত এই অর্থ তামাদি হবে না। এ বছর না হলেও পরের বছরগুলোতে খরচ করা যাবে। তাই তাড়াহুড়া করার দরকার নেই। চিন্তাভাবনা করে ধীরেসুস্থে সিদ্ধান্ত নিন।মুহিত বলেন, এই অর্থ মহিলা মন্ত্রণালয়ের মাধ্যমেই খরচ করা হবে। সেই সঙ্গে অন্য মন্ত্রণালয় ও নারী উদ্যোক্তারা জড়িত থাকবেন। সেমিনারে অর্থমন্ত্রী নারীর ক্ষমতায়নে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের প্রশংসা করেন। ডব্লিউসিসিআইয়ের সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, ‘গত কয়েক বছরে নারী উদ্যোক্তারা ব্যাপক হারে ব্যবসায় নেমেছেন। এতে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।’সেমিনারে আরও বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুজিবর রহমান, ডব্লিউসিসিআই চট্টগ্রাম বিভাগের প্রধান কানিজ ফাতেমা, খুলনার প্রধান শামীমা সুলতানা, রাজশাহীর প্রধান দিলারা আমজাদ, সদস্য শায়েলা সুলতানা প্রমুখ।