নারী উদ্যোক্তাদের দলগত এসএমই ঋণও দেওয়া হবে
দেশের নারী উদ্যোক্তারা কয়েকজন মিলে একটি দল গঠন করেও এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ) ঋণসুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।প্রচলিত নিয়ম অনুসারে, ৫০ হাজার টাকার কম ঋণের জন্য কোনো নারী উদ্যোক্তা এসএমই ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হন না।কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের গ্রুপভিত্তিক বা দলগত এসএমই ঋণ বিতরণ করা যাবে।এর ফলে কোনো নারী উদ্যোক্তার ঋণের সীমা ৫০ হাজার টাকার নিচে হলে একই ধরনের কয়েকজন নারী উদ্যোক্তা একত্র হয়ে দলগতভাবে ৫০ হাজার টাকা ও তারচেয়ে বেশি ঋণের জন্য আবেদন করতে পারবেন। দলগতভাবে এসএমই ঋণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের এসএমই পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় পুনঃ অর্থায়নযোগ্য বলে বিবেচিত হবে। বিতরণকৃত ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ১০ শতাংশ।দলের সদস্যসংখ্যা, ঋণের পরিমাণ, ঋণগ্রহীতা নির্বাচন, ঋণ মঞ্জুর ও বিতরণ, দলিল সম্পাদন, ঋণের সদ্ব্যবহার ইত্যাদি বিষয় ঋণ প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব বিধিবিধান ও ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে।