নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ঢাকায় বৈশাখী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী নিয়ে গত মঙ্গলবার থেকে রাজধানীতে ১৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে বেইলি রোড-সার্কিট হাউস রোড এলাকার জাতীয় মহিলা সংস্থা প্রাঙ্গণে মেলাটির আয়োজন করা হয়।মেলায় ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ৪০টি স্টল রয়েছে। এসব স্টলে তৈরি পোশাক, নকশিকাঁথা, শাড়ি, বিছানার চাদর, কুশন কভার, থ্রিপিস, গৃহসজ্জার সামগ্রী, মাটি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্রসহ নানা ধরনের হস্তশিল্প পণ্যের পসরা সাজিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা।আগামী ১৪ এপ্রিল বা পয়লা বৈশাখ পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। খবর বাসসের। প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম, নির্বাহী পরিচালক নাজনীন বেগম, প্রকল্প পরিচালক আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।মহিলা সংস্থায় উদ্যোক্তা হিসেবে নিবন্ধিত নারীরাই এ মেলায় অংশ নিয়েছেন। সংস্থাটি ২০০৯ সাল থেকে প্রতিবছর এ মেলার আয়োজন করে আসছে।