নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল ঢাকা চেম্বার
বাংলাদেশের নারী উদ্যোক্তা উন্নয়নে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার শেষ হয়েছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং সুইজারল্যান্ডভিত্তিক ট্রেস্ট্রেল গ্রুপ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এ কর্মশালায় নারী উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বিপণন, ব্যবস্থাপনা, পার্টনারশিপ, বাজার সম্প্রসারণ, ক্রেতা নির্বাচন এবং অর্থায়নের বিষয়ে ধারণা প্রদান করা হয়।
কর্মশালাটি ঢাকা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তা এবং দোহাটেকের চেয়ারম্যান দোহা শামসুজ্জোহা বলেন, বাংলাদেশের নারী উদ্যোক্তারা বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি। তবে সাম্প্রতিক সময়ে অনেক নারী উদ্যোক্তা বৃহৎ শিল্প স্থাপনে দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান এবং ঋণ দেওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খান অংশগ্রহণকারী উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে বলেন, সমাজে নারীদের ক্ষমতায়নে তাঁদের অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ দেশে নারী উদ্যোক্তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূলধন সংগ্রহ, লাইসেন্স প্রাপ্তি, ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হন। ব্যাংকঋণ প্রাপ্তির ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সংখ্যা খুবই কম।
ঢাকা চেম্বারের সভাপতি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২০১৬ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে (এসএমই) নারী উদ্যোক্তাদের মাঝে ৫ হাজার ৩৪৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা এই খাতে মোট ঋণ বিতরণের মাত্র ৩ দশমিক ৭৭ শতাংশ।
এনভয় ওয়ার্ল্ডের প্রতিনিধি রালফশোনবাখ এবং ট্রেস্ট্রেল গ্রুপের প্রতিনিধি জিনেটি উইডম্যান দুই দিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করেন।