নারী উদ্যোক্তাদের বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে অল্প সুদ অথবা বিনা সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে সব ধরনের কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে গতকাল বুধবার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও এসএমই ফাউন্ডেশন আয়োজিত ‘ইন্টারন্যাশনাল উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ-২০১০’ শীর্ষক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্যের মাসব্যাপী আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি ও মেলা উদ্যাপন কমিটির সভাপতি খালেদা এ আউয়াল। মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মইন উদ্দিন খান বাদল, শাহীন মনোয়ারা হক, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ, এসএমই ফাউন্ডেশনের সভাপতি আফতাব উল ইসলাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম। এদিকে মেলা উদ্বোধনের আগে ফেনী, লক্ষ্মীপুর ও গাইবান্ধা জেলার তিনজন এবং চট্টগ্রামের ১২ জন সফল নারী উদ্যোক্তার হাতে চট্টগ্রাম উইমেন চেম্বারের ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান।বাণিজ্যমন্ত্রী ফারুক খান মেলার উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘নারীদের উন্নয়নের মাধ্যমে আমরা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারি। বর্তমান সরকার নারীদের উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নানাভাবে তাঁদের এগিয়ে যেতে সাহায্য করছে। সরকার এ লক্ষ্যে ১৯৯৭ সালের নারী উন্নয়ন নীতিকে যুগোপযোগী করেছে।’চতুর্থবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০ জন নারী উদ্যোক্তা যোগ দিয়েছেন। এ ছাড়া আরও কয়েকটি দেশের নারী উদ্যোক্তারাও রয়েছেন। সব মিলিয়ে মেলায় ৪০০টি স্টল ও ১০টি প্যাভিলিয়ন রয়েছে। মেলার প্রবেশমূল্য ধার্য করা হয়েছে ১০ টাকা।