নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে ৩ সংস্থার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশন (বিএফডব্লিউই), ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও দ্য এশিয়া ফাউন্ডেশন। এ ব্যাপারে প্রতিষ্ঠান তিনটি গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে সমঝোতা স্মারক সই করেছে। এমআরডিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিএফডব্লিউইর সভাপতি রোকেয়া আফজাল রহমান, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও এশিয়া ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ হাসান মজুমদার উপস্থিত ছিলেন।রোকেয়া আফজাল রহমান বলেন, দেশের নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসায়ের উপযোগী পরিবেশ ও সমঅংশীদারির সুযোগ সৃষ্টি করতে হবে। এই অংশীদারি জাতীয় পর্যায়ের ব্যবসায়ী মহলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথকে সহজতর করবে বলে তিনি উল্লেখ করেন।হাসিবুর রহমান বলেন, এই উদ্যোগ জেলা পর্যায়ের নারী উদ্যোক্তাদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি ও তথ্যের প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। হাসান মজুমদার বলেন, সরকারি-বেসরকারি ফোরামে আমরা স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসায়ী সমিতি, সুশীল সমাজের সংগঠন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ ও অংশীদারি রক্ষায় সহযোগিতা করে থাকি।