নারী উদ্যোক্তাদের হালনাগাদ তথ্যভান্ডার তৈরির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে দেশের সব শ্রেণীর নারী উদ্যোক্তাদের নিয়ে একটি তথ্যভান্ডার তৈরির জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। ‘তৃণমূল নারী উদ্যোক্তাদের সমস্যা ও সমাধানের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তারা এই অনুরোধ জানান। একই সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তাঁরা। ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফেডউই) গতকাল শনিবার তাদের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য দেন ফেডউইর সভাপতি মৌসুমী ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন: সহসভাপতি ফরিদা সুলতানা ও চন্দনা ঘোষ, সম্পাদিকা সেলিনা আক্তার, নির্বাহী সদস্য রওনক সুলতানা, শামীমা কবির, মাহবুব আরা আমান ও নাজমা শিকদার। সংবাদ সম্মেলনে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রেই নারীদের নামে ঋণ তুলে তা ব্যবহার করেন পুরুষেরা। সম্মেলনে অভিযোগ করে বলা হয়, দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। নীতিমালা থাকার পরও অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ও বিনা জামানতে ব্যাংক থেকে ঋণ পান না। অনেক সময় আবার পুরুষেরা তাঁদের স্ত্রী বা মেয়ের নামে ঋণ নিয়ে ব্যবসা করছেন। নারী উদ্যোক্তারা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রাপ্য মূল্য থেকেও বঞ্চিত হন । নারী উদ্যোক্তাদের এসব সমস্যা তুলে ধরে ফেডারেশনের নেত্রীরা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নারী উদ্যোক্তা সৃষ্টি করতে বেশ কয়েকটি দাবি পূরণে সরকারের প্রতি অনুরোধ জানান। ফেডউইর সভাপতি মৌসুমী ইসলাম বলেন, ফেডারেশন আগামী দুই বছরে সারা দেশে ২০ হাজার নারী উদ্যোক্তা তৈরি করবে।