নারী উদ্যোক্তার জন্য পৃথক তহবিল বিবেচনা করা হবে: মুহিত
আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে নারী উদ্যোক্তাদের উন্নয়নে পৃথকভাবে ১০০ কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। তবে এ অর্থ ব্যবহার নিয়ে সুস্পষ্ট প্রস্তাব রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) আয়োজিত বাজেটবিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন।সংগঠনের সভাপতি সেলিমা আহ্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হাসান মজুমদার।আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুবা রুমানা। মুক্ত আলোচনায় অংশ নেন সাংসদ মাইদুল ইসলাম, নারায়ণ চন্দ্র চন্দ, ননী গোপাল মণ্ডল প্রমুখ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই বিশেষ তহবিল গঠনে সরকারের কোনো আপত্তি নেই। তবে এ ধরনের বরাদ্দ এর আগেও অনেক দেওয়া হয়েছে। যাদের দেওয়া হয়েছে, তারা বেশির ভাগ বরাদ্দই ব্যবহার করতে পারেনি। নারী উদ্যোক্তাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানোর বিষয়ে এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।এছাড়াও অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।