নারী উদ্যোক্তারা আগের চেয়ে বেশি ঋণ পাচ্ছেন
ব্যবসা শুরুর ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ব্যাংক থেকে ঋণ পাওয়া। তবে এখন ঋণ নেওয়ার ক্ষেত্রে নারীরা আগের চেয়ে সচেতন হয়েছেন। ব্যাংক থেকে ঋণও পাচ্ছেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারে নারী উদ্যোক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের উন্নয়ন শীর্ষক প্রকল্প নিয়ে গতকাল সোমবার এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের ১০ শতাংশই এখন নারী। ১০ বছর আগেও এ হার ১ শতাংশ ছিল কি না তা নিয়ে সন্দেহ আছে। মানবসম্পদ উন্নয়নে দেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।নারীরা যেন ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে হয়রানির শিকার না হন, সেদিকে নজর দিতে অনুষ্ঠানে উপস্থিত ব্যাংকারদের আহ্বান জানান মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ।কোনো নারী উদ্যোক্তা ঋণ চেয়ে হয়রানির শিকার হলে তাদের বাংলাদেশ ব্যাংকের গ্রাহকসেবা কেন্দ্রে অভিযোগ করার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের এসএমই শাখার মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক পরিচালক তেরেসা খো বলেন, নারীর উন্নয়ন ছাড়া বাংলাদেশের উন্নয়ন কিংবা দারিদ্র্য বিমোচন কোনোটাই সম্ভব নয়। কারণ, এ দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশই নারী।উইমেন চেম্বারের সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, নারী উদ্যোক্তাদের মধ্যে ব্যাংক থেকে ঋণ নিতে আগ্রহ বাড়ছে। তাঁরা এখন ঋণ নিতে আগের চেয়ে বেশি আবেদন করছেন।সংগঠনের সাবেক সভাপতি সেলিমা আহমেদ বলেন, ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত আট হাজার ৩৭২ জন নারী উদ্যোক্তা ৬৪২ কোটি ৭০ লাখ টাকার ঋণ পেয়েছেন।