বিশ্ব অর্থনীতি: নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনার জের
নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো
ভারতের রাজধানী নয়াদিল্লিতে কয়েক দিন আগে বর্বরোচিত গণধর্ষণের ঘটনায় দেশটিতে প্রতিবাদ, ধিক্কার ও নিন্দার ঝড় উঠেছে। কীভাবে এ ধরনের ঘটনা এড়ানো ও প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে। এ থেকে বাদ নেই দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও।বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের ক্ষেত্রে নারী কর্মীদের নিরাপত্তার বিষয়টি এখন জোরেশোরে উঠে এসেছে। বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ করণীয় নির্ধারণে করতে দফায় বৈঠক করছেন কর্মীদের সঙ্গে। খবর ইকোনমিক টাইমস-এর। ভারতের আইসিআইসিআই ব্যাংকের নির্বাহী পরিচালক কে রামকুমার গত বুধবার বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে শলাপরামর্শ করতে বসেন। বৈঠকে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়।কে রামকুমার বলেন, ‘কোথায় কখন কী ঘটে যাবে তা আমরা বলতে পারি না। দিল্লিতেই আমাদের ৩০০ কার্যালয় আছে। এসব কার্যালয়ের নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত কীভাবে করা হবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।’আইসিআইসিআইয়ের কর্মীর সংখ্যা ৬০ হাজারের বেশি। তার এক-তৃতীয়াংশেরই বেশি নারী। আর সে কারণেই নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়ে বৃহস্পতি ও শুক্রবারও বৈঠক করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। একই সমস্যায় আছেন মারুতি-সুজুকির গুড়গাঁও করপোরেট কার্যালয়ের প্রধান পরিচালন কর্মকর্তা (মানবসম্পদ) এসওয়াই সিদ্দিকী। কারণ, নারী কর্মীরা নিরাপত্তা নিয়ে তাঁদের উদ্বেগের কথা তাঁকে জানিয়েছেন। বেশি রাত পর্যন্ত কাজ করলে কীভাবে বাড়ি ফিরবেন— এটাই তাঁদের বড় উদ্বেগের কারণ।সিদ্দিকী বলেন, ‘ন্যক্কারজনক ওই ঘটনার পর আমাদের প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্তারাও নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা এখন গভীর রাত পর্যন্ত কাজ করা নারী কর্মীদের বাড়ি পৌঁছে দিতে বেশি সংখ্যক গাড়ি দিয়েছি।’ইন্ডিগোতে দুই বছর ধরে পাইলট হিসেবে আছেন কর্মরত আছেন সাক্ষী সিনহা (ছদ্মনাম), থাকেন গুড়গাঁও। তিনি বলেন, ‘আমি যতক্ষণ কর্মক্ষেত্রে থাকি, ততক্ষণ নিরাপদ বোধ করি। কিন্তু যখনই বিমানবন্দর ছেড়ে যাই তখনই নিজেকে নিয়ে চিন্তাই পড়ি। চালক আমার পরিচিত রাস্তা দিয়ে যাবে কি না তা নিশ্চিত হয়েই গাড়িতে ওঠি।’রাস্তাঘাট বিপদ বা অপ্রীতিকর পরিস্থিতি থেকে আত্মরক্ষার জন্য ইতিমধ্যেই ভারতীয় কর্মজীবী নারীদের মধ্যে গুলমরিচের গুঁড়োর সেপ্র ব্যবহার অনেক বড়েছে বলে জানান স্পেশিয়ালিটি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চ্যাটার্জি। অন্যদিকে ‘ওহ ক্যালকাটা’ রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা ছয় বছর ধরে নারী কর্মীদের এই সেপ্র সরবরাহ করে আসছে।