নারী দর্শনার্থীদের বিশেষ আগ্রহ 'জয়িতায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘ​িড়র কাঁটার দিকে) নারী উদ্যোক্তাদের প্যাভিলিয়ন জয়িতার   প্রধান ফটক এবং পোশাক, খাবার ও হস্তশিল্প সামগ্রীর স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গতকাল (ঘ​িড়র কাঁটার দিকে) নারী উদ্যোক্তাদের প্যাভিলিয়ন জয়িতার প্রধান ফটক এবং পোশাক, খাবার ও হস্তশিল্প সামগ্রীর স্টলে ক্রেতা–দর্শনার্থীরা l প্রথম আলো

নারীর ছোট ছোট ব্যবসার উদ্যোগে সমর্থন এবং সহায়তা দেওয়ার জন্য সারা দেশের বেশ কিছু নারী উদ্যোক্তাকে ‘জয়িতা’ নামে এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে। সরকারি উদ্যোগে রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় গড়ে তোলা হয়েছে ‘জয়িতা’ প্ল্যাটফর্মটি।
স্থায়ী প্ল্যাটফর্মের পাশাপাশি মাসব্যাপী বাণিজ্য মেলায়ও জয়িতার এক ছাদের নিচে জড়ো হয়েছেন প্রায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা। তবে প্রতিটি স্টলের উদ্যোক্তা আলাদা হলেও জয়িতার বন্ধনে তাঁরা এক। জয়িতা নামে এক প্যাভিলিয়নে ছোট ছোট ৪০টি স্টলের মাধ্যমে এসব উদ্যোক্তা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।
মেলায় জয়িতার প্যাভিলিয়নে ঢুকতেই চোখ কাড়বে নারী উপস্থিতি। বিক্রেতা ও ক্রেতা উভয় ক্ষেত্রে নারীর প্রাধান্য। এর মধ্যে পুরুষেরও দেখা মিলবে, নারীর সঙ্গী হিসেবে। বিক্রেতাদের মধ্যে পুরুষের সংখ্যা হাতে গোনা। ছোট ছোট স্টলে নিজেদের শ্রমে-ঘামে তৈরি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন একদল নারী। শাড়ি, থ্রিপিস থেকে শুরু করে ঘরে তৈরি পিঠা, পুলি, আচার, নানা স্বাদের খাবার, ব্যাগ—সবই আছে পণ্যের পসরায়।
জয়িতার প্যাভিলিয়নের মূল প্রবেশপথ দিয়ে এগোলেই হাতের বাঁ পাশের সারিবদ্ধ স্টলের দ্বিতীয়টি টাঙ্গাইলের নিলুফার ইয়াসমিনের। শাড়ি, থ্রিপিসের স্টল এটি। একই স্টলে নিলুফার ইয়াসমিনের সঙ্গে যৌথভাবে নিজের তৈরি থ্রিপিস প্রদর্শন করছেন বেসরকারি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা খান। মেলায় পণ্য বিক্রি নিয়ে নিলুফারের কণ্ঠে অতৃপ্তির কথা শোনা গেলেও প্রথমবারের মতো মেলায় অংশ নিয়ে বেজায় উচ্ছ্বসিত সানজিদা।
সানজিদা বললেন, ‘ফেয়ারি এনজেল বা স্বর্গের পরি’ নামে তাঁর নিজের একটি ফ্যাশন প্রতিষ্ঠান রয়েছে। দেশের বাইরে একাধিক মেলায় অংশ নিয়েছেন তিনি। তার সূত্র ধরে ভারতের কলকাতা ও ভুটানে নিয়মিত পণ্য রপ্তানি করছেন। তবে এবারই প্রথম দেশের কোনো মেলায় অংশগ্রহণ করলেন। যে সাড়া মিলছে, তাতে বেশ খুশি সানজিদা। বললেন, ‘বিক্রির আশায় আসিনি। মেলায় এসেছি নিজের কাজগুলো তুলে ধরতে। আর এতে তাঁকে সহায়তা করেছেন নিলুফার ইয়াসমিন, যাঁর স্টলে সানজিদার তৈরি পোশাক প্রদর্শনীর সুযোগ করে দিয়েছেন।
নিলুফার ইয়াসমিন বলেন, টাঙ্গাইলে শুরু তাঁর ব্যবসা। ঘরে বসেই নিজের তৈরি শাড়ি, সালোয়ার-কামিজসহ পোশাক বিক্রি করতেন। সেখান থেকে এখন ঢাকায় জয়িতার ছাদের নিচে এসে যুক্ত হয়েছেন। বাণিজ্য মেলায় খুব বেশি বেচাকেনা না হলেও জয়িতার স্থায়ী আয়োজনের বিকিকিনিতে মোটামুটি সন্তুষ্ট তিনি। তাঁর স্টলে ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে ৩০০০ টাকা দামে বিক্রি হচ্ছে হাতের কাজের শাড়ি, থ্রিপিস।
প্যাভিলিয়নের ৩৭ নম্বর স্টলে ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবারের আইটেম বিক্রি করছেন আফসানা হক। যিনি বরিশালের সোলনা শিশু ও মহিলা কল্যাণ সমিতির মাধ্যমে চার বছর ধরে যুক্ত রয়েছেন জয়িতার বন্ধনে। আফসানা জানান, এবারই প্রথম মেলায় অংশগ্রহণ করেছেন তিনি। নিজের ঘরে তৈরি নানা ধরনের পিঠা-পুলি বিক্রি করছেন। বিক্রিও ভালো। এর মধ্যে তাঁর প্রতিষ্ঠানটি লাভ-লোকসানের হিসাবে সমান সমান পর্যায়ে চলে এসেছে। ব্যবসার পাশাপাশি তিনি সমিতির সাধারণ সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ববোধ থেকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসা থেকে উপার্জিত অর্থের কিছু অংশ তুলে দেন সমিতির সদস্যদের হাতে। যাতে তাঁর মতো অন্যরাও ব্যবসায় এগিয়ে আসতে পারেন।
প্যাভিলিয়নের ৮ নম্বর স্টলে মহিলাদের ব্যাগ ও পার্টসের পসরা সাজিয়ে বসেছেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার হাজির বাড়ির বাসিন্দা সেলিনা খাতুন। স্টলে গিয়ে সেলিনা খাতুনকে পাওয়া গেল না। পাওয়া গেল তাঁর স্বামী ও একজন মহিলা বিক্রয়কর্মীকে। তাঁরা জানালেন, মেলায় পণ্যের বিক্রি মোটামুটি সন্তোষজনক। প্রতিদিন গড়ে ১৫-২০ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে।
জয়িতার প্যাভিলিয়নে খাবারের স্টল থেকে কেনাকাটা করার সময় কথা হয় গুলশান থেকে আসা ক্রেতা দিলারা আলমের সঙ্গে। জয়িতার নিয়মিত ক্রেতা তিনি। বলেন, ‘যখন ধানমন্ডি এলাকায় যাই, তখনই রাপা প্লাজায় জয়িতার দোকানগুলো থেকে কিছু না কিছু কেনাকাটা করি। আমার পরিবারের বেশির ভাগ সদস্যই জয়িতার পণ্য ব্যবহারকারী।’
দিলারা আলমের মতে, জয়িতার সব কটি দোকানের পণ্যের মান খুবই ভালো। সেটা কাপড় হোক আর খাবার।
প্যাভিলিয়নের ৩৬ নম্বর খাবার স্টলের মালিক সীমা আক্তার জানান, মানিকগঞ্জ থেকে একটি নারী সমিতির মাধ্যমে জয়িতার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এর আগে দুবার মেলায় অংশ নিয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে সীমা আক্তার বললেন, গতবারের চেয়ে এবারের মেলায় বেচাকেনা বেশি।