নারী ব্যাংকারদের সন্ধ্যা ছয়টার পর কর্মস্থলে রাখা যাবে না
সন্ধ্যা ছয়টার পর নারী কর্মীদের কর্মস্থলে রাখতে পারবে না কোনো ব্যাংক। কেবল কাজের প্রয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা ও পারিশ্রমিক দিয়ে নারী কর্মীদের এ সময়ের পর কর্মস্থলে রাখা যাবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ গত বৃহস্পতিবার এক পরিপত্রে এ নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকিং সময়সূচির (সন্ধ্যা ছয়টা) পরও বিভিন্ন ব্যাংকের নারী কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে অবস্থানের জন্য বাধ্য করা হচ্ছে। এ ছাড়া চাকরি ইস্তফা, অযৌক্তিক বরখাস্ত বা অপসারণ ও পরবর্তী সময়ে আর্থিক সুবিধা প্রাপ্তিতে তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের নানাভাবে হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছে। তাই এসব ক্ষেত্রে ব্যাংকগুলোকে ব্যাংকিং নিয়মনীতি মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের পক্ষ থেকে ইচ্ছামাফিক কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই বন্ধ করে তার পরিবর্তে নিয়োগের সময়ই পেশাদারত্বের সঙ্গে প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। এর বাইরে ব্যাংক কর্মকর্তাদের চাকরি থেকে ইস্তফা, বরখাস্ত বা অপসারণ ও পরবর্তী সময়ে আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়মাবলি, বাংলাদেশ শ্রম আইন ও বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীদের নিয়ে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় গভর্নর সন্ধ্যা ছয়টার পর কাজ ছাড়া নারী কর্মীদের ব্যাংকে না রাখার কথা বলেন। এ ছাড়া কর্মী হয়রানি বন্ধের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকারদের প্রতি নির্দেশ দেন।
ব্যাংক সূত্রটি জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন ব্যাংকের নারী কর্মীদের কাজ ছাড়াই সন্ধ্যার পরও আটকে রাখা ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করাসহ কর্মী হয়রানির নানা অভিযোগ বাংলাদেশ ব্যাংকের কাছে আসে। এসব অভিযোগের ভিত্তিতে কর্মী হয়রানি বন্ধে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।